রামগঞ্জে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
রামগঞ্জে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে খলিফার দরজা ও কাটাখালি এলাকার মাঝামাঝি রামগঞ্জ–হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই এলাকার শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে মোটরসাইকেলে করে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ শহরমুখী ছিলেন হৃদয় ও নাজমুল। পথেই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। গুরুতর আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথেই নাজমুলের মৃত্যু হয়।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “একজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আহত ব্যক্তিকেও ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়ার খবর পাই।”
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, “দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাঁকে আটক করা যায়নি।”







