বাজারে ভোজ্যতেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে প্রতি লিটারে ৬ ও ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দর সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা। এছাড়া বাজারে পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের নতুন দাম ১৬৬ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।







