পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের কাছ থেকে নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মী ও স্বজনরা।
এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি এবং নুরুল হক নুরের ভগ্নিপতি মো. মিজান হাওলাদার বলেন, গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে জোটগত নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি জানান, যেসব দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে। এসব আসনের মধ্যে পটুয়াখালী-৩ আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।







