সুপ্রিম কোর্টের নির্দেশে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনি তফসিল ঘোষণা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের নির্বাচনি তফসিল নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সময়সূচি অনুযায়ী, অন্যান্য আসনের মতো এই দুটি আসনেও আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা প্রজ্ঞাপনে এই নতুন তফসিল ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনের ভিত্তিতে, পাবনা-১ ও ২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
ইসি জানিয়েছে, এই দুটি আসনে ভোট গ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ভোটগ্রহণ স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হবে।
এর আগে, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে এই দুই আসনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর ইসি একটি গেজেট প্রকাশ করে, যেখানে সাঁথিয়া উপজেলা পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়। হাইকোর্ট এই গেজেটকে অবৈধ ঘোষণা করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দেন। এর ফলে সাঁথিয়া উপজেলা এককভাবে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠিত হওয়ার বিষয়টি আইনি বৈধতা পায়। আপিল বিভাগের এই আদেশের প্রেক্ষিতে ইসি পূর্ববর্তী আংশিক তফসিল বাতিল করে নতুন এই সময়সূচি ঘোষণা করেছে।







