স্বর্ণের নতুন দাম কার্যকর, ভরি ২ লাখ ৫২ হাজার ছাড়াল
দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায়। বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুস ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা বুধবার থেকে কার্যকর হয়। সে সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।







