২৫ জানুয়ারি থেকে ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার কারণে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নতুন কার্যক্রম চালু হওয়ার পর নাগরিকরা সহজেই তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন এবং ভোটার তালিকায় সঠিক তথ্য নিশ্চিত হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতির কারণে নির্বাচন কমিশন ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে জরুরি ভিত্তিতে আবেদন করলে সীমিত সেবা চালু রাখা হয়েছিল।
ইসি আশা করছে, ২৫ জানুয়ারি থেকে এই কার্যক্রম পুনরায় শুরু হলে জনগণ নির্বিঘ্নে তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবে।







