৪১৯ উপজেলায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি
চালের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে ৪১৯টি উপজেলায় ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির আওতায় প্রতিদিন প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
এতে আরও জানানো হয়, পূর্বে চালু থাকা ওএমএস (সাধারণ) কর্মসূচি যথারীতি চলমান রয়েছে। অতিরিক্ত এই ওএমএস কার্যক্রম সাধারণ কর্মসূচির পাশাপাশি অব্যাহত থাকবে।
বর্তমানে ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১,০৮১টি কেন্দ্রে প্রতিদিন ১,৪১৭.৫ মেট্রিক টন আটা এবং ১,১৭৫ মেট্রিক টন চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা, ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
চালের দাম বৃদ্ধির বিষয়ে সতর্কতা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও সরু চালের দাম বিচ্ছিন্নভাবে বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা কাম্য নয়। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মাঝারি ও মোটা চালের বাজারদর বর্তমানে স্থিতিশীল রয়েছে।







