বাজিতপুরে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. শহীদুজ্জামান সেলিমের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে অনধিকার প্রবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. হোসাইন মিয়া।
শুক্রবার (১৩ মার্চ) সকালে বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের শাহজালাল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মো. হোসাইন মিয়া অভিযোগ করে বলেন, বাজিতপুর পিডিবির সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে কিছু বেসরকারি লোকজনকে সঙ্গে নিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। সম্প্রতি ওই প্রকৌশলী তার লোকজনের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন এবং টাকা দিলে তার বিরুদ্ধে দায়ের করা মামলা নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সহকারী প্রকৌশলী ও তার সহযোগীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে অনধিকার প্রবেশ করেন। এর আগেও চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী হোসাইন মিয়া বলেন, কিছুদিন আগে তার গ্যারেজ থেকে মাত্র ছয়টি অটোচার্জার জব্দ করা হলেও তার নামে ৩০টি অটোরিকশা সংক্রান্ত মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় ন্যায়বিচার পেতে তিনি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, গত ১২ মার্চ ২০২৬ তারিখে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান সেলিমসহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




