মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ ১৪৩২
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ ১৪৩২

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবদুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নর গড়মাছুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম উপজেলার টানপাড়া এলাকার মৃত মো. আবদুস জব্বারের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন এবং চার কন্যাসন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গড়মাছুয়া গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন আবদুস সালাম। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আবদুস সালামের মৃত্যু হয়েছিল।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

চার কন্যাসন্তানের জনকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

করিমগঞ্জে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
করিমগঞ্জে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় করিমগঞ্জ আনন্দবাজার এলাকায় অবস্থিত মডেল মসজিদের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) করিমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির

করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্স, করিমগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির প্রফেসর আজিজুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ, তাড়াইল উপজেলা এনসিপির সমন্বয়কারী মাসুদ আলম, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম এবং শিক্ষক নেতা কামাল হোসেন।

উপজেলা এনসিপির সদস্যসচিব মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ খায়রুল কবির বলেন, “জুলাই আন্দোলনের অবদানকে যারা অস্বীকার করেন এবং গণরায়কে তুচ্ছতাচ্ছিল্য করেন, তাদের পরিণতি ভালো হবে না।” তিনি আরও বলেন, “দেড় থেকে দুই হাজার শহীদ ও প্রায় ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার ত্যাগ জাতি ভুলতে পারে না।”

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কটিয়াদীতে ট্রাকের চাপায় গরুসহ যুবকের মৃত্যু, আহত ২

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
কটিয়াদীতে ট্রাকের চাপায় গরুসহ যুবকের মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় গরুসহ এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কর কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নর জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন মিয়া (২৬) আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে। আহতরা হলেন মতি মিয়া (৪৫) ও বাবুল (৫৫)। সম্পর্কে তারা আপন ভাই। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় সড়কের উঁচু অংশে পৌঁছে হঠাৎ কোনো সংকেত না দিয়ে পাশ পরিবর্তন করে। এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি সড়কের পাশে থাকা ইমন মিয়া ও তার সঙ্গে থাকা একটি গরুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গরুসহ ইমন মিয়ার মৃত্যু হয়।

এ সময় গরু বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার পথে থাকা দুই ভাই ট্রাকের ধাক্কায় আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম জানান, ট্রাকের ধাক্কায় গরুসহ একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশ উদ্ধার, হোসেনপুরের যুবক ইমনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
ব্রহ্মপুত্র নদে ভাসমান লাশ উদ্ধার, হোসেনপুরের যুবক ইমনের পরিচয় শনাক্ত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবকের ভাসমান মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ইমন মিয়া (২০) হোসেনপুর পৌরসভার পূর্ব দ্বীপেশর (মীরপাড়া) এলাকার বাসিন্দা এবং মাসুদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গফরগাঁও উপজেলাপাগলা থানাধীন খুশিরমহাল ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর কিনারায় মরদেহটি আটকে থাকতে দেখে এলাকাবাসী ভিড় জমায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।