গণভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দল যমুনার দিকে
জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আজ (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে জামায়াতসহ আন্দোলনরত আটটি দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পুরানা পল্টনে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।
বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকেই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে শাপলা চত্বরের দিকে আসতে থাকেন। পরে তারা পল্টনে অন্যান্য ইসলামি দলের নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন।
আয়োজকরা জানান, স্মারকলিপিতে গণভোট আয়োজন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, রাজনৈতিক বন্দিদের মুক্তি ও দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের মতো দাবিগুলো তুলে ধরা হয়েছে।







