ফেনী ১ খালেদা জিয়ার পক্ষে বিএনপি মনোনয়নপত্র সংগ্রহ
ফেনী-১ সংসদীয় আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার বিকেলে ফেনী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থপালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে বিকেল চারটায় মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার।
ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসন থেকে খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন।
খালেদা জিয়াকে ফেনী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। নেতারা জানান, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করবেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির সন্তান।







