শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ১৪৩২
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ১৪৩২

ভাষা আন্দোলন নিয়ে মিথ্যা প্রচারে জামায়াতের সমালোচনা

গোলাম আজমকে ভাষা সৈনিক বলা ইতিহাস বিকৃতি: আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গোলাম আজমকে ভাষা সৈনিক বলা ইতিহাস বিকৃতি: আব্দুল কাদের

গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে জামায়াতে ইসলামী জঘন্য মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি গোলাম আজমের একটি পুরোনো উক্তি— “বাংলা ভাষার আন্দোলন করা ভুল হইয়াছে”—সংবলিত একটি পত্রিকার ছবিও যুক্ত করেন।

পোস্টে আব্দুল কাদের সতর্ক করে বলেন, “নোংরামি করলে বরদাশত করব না।”

শহীদদের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক লেখেন, “বাধ্য হয়ে হোক বা স্বেচ্ছায়—জামায়াত-শিবির যদি তাদের রাজনীতিতে পরিবর্তন আনে, আমরা সেটাকে স্বাগত জানাই।” তবে একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “তাদের মধ্যে ইসরাইলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করা জরুরি। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তাচেতনা কাম্য নয়, আর আমরা তা হতে দেব না।”

তিনি আরও লেখেন, “৫ আগস্টের পর এমন অনেক ঘটনার দুঃসাহস তারা দেখিয়েছেন। আবরার ফাহাদ থেকে শুরু করে নানা বিষয় নিজেদের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চলছে। পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।”

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ বলে প্রচার করে এখন নিজেরাই ফুল দিচ্ছেন—ভালো। কিন্তু সেটাকে অতিরিক্ত জায়েজ প্রমাণ করতে গিয়ে গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করার মতো জঘন্য মিথ্যাচার করার কোনো প্রয়োজন নেই।”

তিনি বলেন, “আপনাদের সম্মানিত আমীরের ভাষায়ই বলি—পরিবর্তন হলে স্বাগত জানাবো। কিন্তু নোংরামি করলে বরদাশত করা হবে না।”

কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের নতুন কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলার অন্যতম সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেল চারটায় কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার সময় পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কবির উদ্দিন ফারুকী সোয়েল-কে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহসভাপতি সামসুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন হাফিজ আকন্দ কায়েস ও মো. খুরশীদ আলম নিরব, সাংগঠনিক সম্পাদক সেতারা বেগম সেতু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা আক্তার নিঝুম, অর্থ সম্পাদক জীবন কুমার দাস, তথ্য ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ, এবং প্রচার সম্পাদক মো. নাজমুল হক। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ শামীম রেজা, শৈবাল কুমার পাল দিপু, রিদওয়ানুল মাহাবুব পাশা, শেখ সোমা, তানিশা আক্তার জানিয়া ও সামিয়া আক্তার স্বর্ণা। সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আবদুল কাদির ভূইয়া হিরো, জুলহাস উদ্দিন সুজন ও হুমায়রা পারভীন পপি।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নিয়মিতভাবে একাধিক সৃজনশীল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে শহীদ দিবসে আলোচনা ও দোয়া

ওয়াসিম সোহাগ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে শহীদ দিবসে আলোচনা ও দোয়া

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে পবিত্র কুরআন খতম শেষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কবি মাওলানা হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা এমদাদুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের জিসি মো. নূরুল আলম, মাওলানা লুৎফুর রহমান, জাওয়ার এমদাদুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ক্বারি শামসুল ইসলাম রাহমানী, তাড়াইল-সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল কাশেমসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তাড়াইল-সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুল হাই।

তাড়াইলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
তাড়াইলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের তাড়াইল থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি আশ্রাফ উদ্দিন (৫০)-কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্যামল জানান, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে রাত ৩টা ৩ মিনিটে আশ্রাফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে কিশোরগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি শ্যামল বলেন, গ্রেপ্তারের পর থানার দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনগণ নিরাপদে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পুলিশ আশা প্রকাশ করেছে, আদালতের মাধ্যমে মামলাটির দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে পুলিশি তৎপরতা বাড়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন সচেতন নাগরিকরা।