রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২
রবিবার, ১ মার্চ ২০২৬, ১৮ ১৪৩২

উমরা পালনের আগে যে বিষয়গুলো ভাবা জরুরি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
উমরা পালনের আগে যে বিষয়গুলো ভাবা জরুরি

উমরা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার নতুন সম্পর্ক গড়ে ওঠে এবং গুনাহ থেকে ক্ষমা লাভের সুযোগ সৃষ্টি হয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা মক্কায় গিয়ে এই পবিত্র ইবাদতে অংশ নেন। তবে উমরার মতো আত্মিক সফরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তা ও প্রস্তুতি নেওয়া জরুরি।

নিয়ত শুদ্ধ করা:
উমরার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়তকে পরিশুদ্ধ করা। কোরআনে বলা হয়েছে, “তাদেরকে আদেশই করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার প্রতি একনিষ্ঠ হয়ে।” (সূরা আল-বায়্যিনাহ: ৫)।
অতএব, উমরা করার উদ্দেশ্য যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়—খ্যাতি বা সামাজিক স্বীকৃতির জন্য নয়।

ক্ষমা প্রার্থনা:
নবী করিম (সা.) বলেছেন, “যে ব্যক্তি হজ বা উমরা করল এবং কোনো অশ্লীল কথা বা গুনাহর কাজে লিপ্ত হলো না, সে সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে।” (সহিহ বোখারি: ১৫২১)।
উমরার আগে আত্মসমালোচনায় মনোযোগ দিন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে জীবন শুরু করার মনোভাব তৈরি করুন।

প্রতিটি আমলের তাৎপর্য অনুধাবন করা:
ইহরাম পরা, কাবা তাওয়াফ করা, সাফা-মারওয়া সাঈ—সবকিছুরই গভীর অর্থ রয়েছে। যেমন হযরত হাজেরা (আ.)-এর অনুসরণে সাঈ করা আমাদের শেখায়, আল্লাহর প্রতি ভরসা রাখা কীভাবে জীবনের কেন্দ্রবিন্দু হতে পারে।

মক্কা ও মদিনার মর্যাদা উপলব্ধি:
এই দুটি শহর শুধু ঐতিহাসিক স্থান নয়, ইসলামের আত্মা। কাবা হলো আল্লাহর ঘর, আর মদিনায় রয়েছে নবী করিম (সা.)-এর রওজা মোবারক। তাই সফরে সর্বোচ্চ বিনয় ও শ্রদ্ধা বজায় রাখা আবশ্যক।

ধৈর্য ও কৃতজ্ঞতা:
দীর্ঘ যাত্রা, ভিড়, গরম—সবকিছুই সফরের অংশ। এগুলো ধৈর্যধারণের পরীক্ষা, আর ধৈর্যও এক প্রকার ইবাদত। প্রতিটি কষ্ট গুনাহ মোচনের পথ খুলে দেয়।

দোয়া ও জিকিরে ব্যস্ত থাকা:
উমরার প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ ও দোয়া করুন—নিজ, পরিবার, উম্মাহ ও মানবতার কল্যাণে। এটি আল্লাহর রহমত পাওয়ার অন্যতম মাধ্যম।

বিনয় ও কৃতজ্ঞতা:
উমরার সুযোগ পাওয়া মহান নেয়ামত। নবী করিম (সা.) বলেছেন, “যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে, সে যেন আমার জীবিত অবস্থায় আমাকে সাক্ষাৎ করল।” (সহিহ বোখারি)।
এই সফরকে আল্লাহর অনুগ্রহ হিসেবে গ্রহণ করুন এবং জীবনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখুন।

আত্মিক পরিবর্তনের প্রস্তুতি:
উমরা শুধুই একটি ধর্মীয় সফর নয়—এটি আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে। চেষ্টা করুন যেন এই সফর আপনাকে এক নতুন মানুষে রূপান্তরিত করে।

সকালবেলা/আর.এন

কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
কাদিরজঙ্গলের দক্ষিণ চানপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় পুরাতন জামে মসজিদসংলগ্ন ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসলাম উদ্দিন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি সুমন ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. বাছির উদ্দিন (বাছির মেম্বার), সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল, মৎস্যজীবী দলের সভাপতি সেকান্দার, স্থানীয় বিএনপি নেতা জালালউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের আখড়াবাজার ব্রিজসংলগ্ন মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হক মিলকি শ্যামলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে মৎস্যজীবীদের অধিকার আদায়ে বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়ন ও জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম মৎস্যজীবীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
শক্ত অবস্থানে নবনির্বাচিত সংসদ সদস্য: দখলমুক্ত হবে নরসুন্দা নদী

নরসুন্দা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলায় মূল নরসুন্দা নদীর দৈর্ঘ্য প্রায় ৩০ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার)। একসময় কিশোরগঞ্জ শহরের প্রধান আকর্ষণ ছিল এই নদী; অদ্যাবধি এটি শহরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ স্থাপনায় সংকুচিত হয়ে পড়া নরসুন্দা নদী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা শহরের নদীর দখলকৃত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি মাজহারুল ইসলাম বলেন, নদী দখল করে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নদীর জমি ভরাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে দখলকারীদের চিহ্নিত করে তাদের অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি নদীর সীমানা নির্ধারণ, দখলদারদের তালিকা প্রস্তুত এবং পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। পাশাপাশি নদী দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহল নদীর তীর ভরাট করে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করেছে। এতে বর্ষা মৌসুমে পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী একসময় ছিল নাব্য ও প্রশস্ত। দীর্ঘদিনের দখল ও অব্যবস্থাপনার ফলে বর্তমানে নদীর প্রস্থ ও গভীরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নদী পুনরুদ্ধারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।