সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেপ্তার ৫৮, এক দিনেই ২৯

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেপ্তার ৫৮, এক দিনেই ২৯

কিশোরগঞ্জে গত তিন দিনের অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দুই দিনেও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে গত তিন দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর থানার আটজন, পাকুন্দিয়ার পাঁচজন, কটিয়াদীর তিনজন, হোসেনপুরের তিনজন, নিকলীর দুজন, করিমগঞ্জের দুজন, ইটনার দুজন, কুলিয়ারচরের একজন, ভৈরবের একজন, বাজিতপুরের একজন ও তাড়াইলের একজন রয়েছেন।

অন্যদিকে, গত তিন দিনে গ্রেপ্তার ৫৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর থানায় ১৩ জন, কটিয়াদীতে ১১ জন, পাকুন্দিয়ায় আটজন, হোসেনপুরে পাঁচজন, নিকলীতে চারজন, করিমগঞ্জে চারজন, ইটনায় চারজন, ভৈরবে তিনজন, মিঠামইনে দুজন, কুলিয়ারচরে দুজন, বাজিতপুরে একজন ও তাড়াইলে একজন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটির নেতারাও রয়েছেন। আবার কোনো কমিটিতে পদ-পদবি নেই—এমন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা বলা হলেও, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নিকলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
নিকলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিকলী সাব-রেজিস্ট্রার অফিস মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিকলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ উসমানগণী সিরাজী। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা প্রভাষক মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি আবু হানিফ।

সম্মেলনে বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলা শাখার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে মাওলানা মুহাম্মাদ উসমানগণী সিরাজী, সহসভাপতি পদে মাওলানা মুফতি নাঈমুল হক ইযহারী এবং সাধারণ সম্পাদক পদে মাওলানা শেখ সাদীকে মনোনীত করা হয়।

পরে প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান।

নতুন নেতৃত্বকে ঘিরে উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন।

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিউটন দাস চণ্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে হাওরে যান নিউটন দাস। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিউটন দাসের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে রেখে তাঁর এমন মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে অগ্নিকাণ্ডে তরুণ ব্যবসায়ী ইমরান মিয়ার দোকানে থাকা বিপুল পরিমাণ বিস্কুট ও খাদ্যসামগ্রী পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রবাস থেকে দেশে ফিরে নতুন করে ব্যবসা শুরু করা এই তরুণের স্বপ্ন আগুনে অনেকটাই ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের হেলিপ্যাডসংলগ্ন একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া উপজেলার নিরাহারগাতী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে দেশে ফিরে প্রায় তিন মাস আগে অলিম্পিক ও হক নামের দুটি কোম্পানির বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ডিলারশিপ নেন ইমরান মিয়া। তাঁর দোকান থেকে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার খুচরা দোকানে এসব পণ্য সরবরাহ করা হতো।

বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তালা দিয়ে বাড়ি চলে যান ইমরান। পরে গভীর রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক রিকশাচালক দোকানে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি তিনি দোকানের মালিককে জানালে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানে থাকা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া বলেন, “দুটি কোম্পানির প্রায় ৮ লাখ টাকার মালামাল দোকানে ছিল। কিছু মালামাল উদ্ধার করা গেলেও অধিকাংশই পুড়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।”

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসার পুঁজি ও পণ্যসামগ্রীর বড় একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা মূল্যায়নের পর আরও স্পষ্ট হবে।