মার্কিন কৃষকদের ৮০০ কোটি ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি (৮ বিলিয়ন) ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফসল কাটার মৌসুমে ডিজেলের উচ্চমূল্য ও উৎপাদন খরচের চাপ সামাল দিতে এ সহায়তা দেওয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৃষি বিভাগের অধীনে চালু হতে যাওয়া ‘ফসল জ্বালানি সহায়তা কর্মসূচি’র আওতায় এ অর্থ বিতরণ করা হবে। সোমবার (১৯ অক্টোবর) কানসাসে এক নির্বাচনী প্রচারণাসভায় দেওয়া ভাষণে এ ঘোষণা দেন ট্রাম্প।
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোতে সমর্থন ধরে রাখতে প্রচার চালাচ্ছে রিপাবলিকান পার্টি।
মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, বাজারের সাময়িক অস্থিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ থেকে কৃষকদের সুরক্ষা দিতে এককালীন এ আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষি বিভাগের অধীন কৃষি পরিষেবা সংস্থা অর্থ বিতরণের বিষয়টি তদারক করবে। ২০২৬ সালের ফসল বছরে কৃষকদের সাময়িক ক্ষতির হিসাব করে আনুপাতিক হারে তাঁদের প্রাপ্য অর্থ সরাসরি দেওয়া হবে।
এর আগে চলতি মাসের শুরুতে কৃষি খাতে করমুক্ত ফসলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। কৃষকদের জন্য বড় অঙ্কের সহায়তার পাশাপাশি নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে আরও কিছু আর্থিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে নগদ চেক দেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প। তবে এ প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে দেশটির অনেক অর্থনীতিবিদ, বিশ্লেষক ও রিপাবলিকান দলের কয়েকজন সদস্য সংশয় প্রকাশ করেছেন।
এ ছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প জানান, সরকারের প্রবীণ স্বাস্থ্যবিমা কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর আওতাভুক্ত প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে।










Disqus comments are not configured yet.