মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

মার্কিন কৃষকদের ৮০০ কোটি ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মার্কিন কৃষকদের ৮০০ কোটি ডলার সহায়তা দিচ্ছেন ট্রাম্প

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি (৮ বিলিয়ন) ডলারের আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফসল কাটার মৌসুমে ডিজেলের উচ্চমূল্য ও উৎপাদন খরচের চাপ সামাল দিতে এ সহায়তা দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কৃষি বিভাগের অধীনে চালু হতে যাওয়া ‘ফসল জ্বালানি সহায়তা কর্মসূচি’র আওতায় এ অর্থ বিতরণ করা হবে। সোমবার (১৯ অক্টোবর) কানসাসে এক নির্বাচনী প্রচারণাসভায় দেওয়া ভাষণে এ ঘোষণা দেন ট্রাম্প।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে, যা ট্রাম্পের জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোতে সমর্থন ধরে রাখতে প্রচার চালাচ্ছে রিপাবলিকান পার্টি।

মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, বাজারের সাময়িক অস্থিরতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ থেকে কৃষকদের সুরক্ষা দিতে এককালীন এ আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষি বিভাগের অধীন কৃষি পরিষেবা সংস্থা অর্থ বিতরণের বিষয়টি তদারক করবে। ২০২৬ সালের ফসল বছরে কৃষকদের সাময়িক ক্ষতির হিসাব করে আনুপাতিক হারে তাঁদের প্রাপ্য অর্থ সরাসরি দেওয়া হবে।

এর আগে চলতি মাসের শুরুতে কৃষি খাতে করমুক্ত ফসলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। কৃষকদের জন্য বড় অঙ্কের সহায়তার পাশাপাশি নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে আরও কিছু আর্থিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে নগদ চেক দেওয়ার প্রস্তাব করেছেন ট্রাম্প। তবে এ প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে দেশটির অনেক অর্থনীতিবিদ, বিশ্লেষক ও রিপাবলিকান দলের কয়েকজন সদস্য সংশয় প্রকাশ করেছেন।

এ ছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প জানান, সরকারের প্রবীণ স্বাস্থ্যবিমা কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর আওতাভুক্ত প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে পারব।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পুরুষ ও এক নারী বাংলাদেশি প্রবাসীর বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শামা ওবায়েদ। একই সঙ্গে ফেসবুকের পোস্ট দেখে সিদ্ধান্তে না পৌঁছানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর ঢাকা বিষয়টি পর্যালোচনা করবে। এরপর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

শামা ওবায়েদ বলেন, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন জেদ্দার জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। তবে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দি বাংলাদেশিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে বাংলাদেশের মিশনগুলোতে পাঠায় বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এই দুই ব্যক্তির নাম ওই তালিকায় রয়েছে কি না, আমরা তা যাচাই করছি।’

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা যেন নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের রয়েছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘অনুগ্রহ করে ধৈর্য ধরুন এবং আমাদের রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে পারব।’

সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করেছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ জানান, মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবের প্রতিক্রিয়াকে ‘খুবই ইতিবাচক’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎসও।

ডলারের দর সামলাতে বাজারে ২ কোটি ডলার বিক্রি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
ডলারের দর সামলাতে বাজারে ২ কোটি ডলার বিক্রি

ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ অক্টোবর) বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চলতি অর্থবছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিজার্ভ থেকে ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ১ কোটি ১৫ লাখ (১১ দশমিক ৫ মিলিয়ন) ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে প্রতি ডলার বিক্রি করা হয়েছিল ১২২ টাকা ৮০ পয়সা দরে। অর্থাৎ আগেরবারের তুলনায় এবার প্রতি ডলারে ৮৫ পয়সা বেশি দামে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

কুলিয়ারচরে শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বিয়ের গয়না লুট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
কুলিয়ারচরে শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বিয়ের গয়না লুট

প্রায় চার বছর ওমানে কাটিয়ে দেশে ফিরেছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী নতুন বাজার এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম (২৫)। দেশে ফেরার আনন্দের সঙ্গে যুক্ত হয়েছিল নতুন জীবনের প্রস্তুতি। ইতিমধ্যে মুঠোফোনে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। দেশে ফিরে আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে ঘরে তোলার কথা ছিল তাঁর। এ জন্য বিমানবন্দর থেকে তাঁকে আনতে মাইক্রোবাস নিয়ে ঢাকায় গিয়েছিলেন স্বজনেরা। কিন্তু বাড়ি ফেরার পথে তাঁদের আনন্দ বিষাদে পরিণত হয়। সড়কে ডাকাতের কবলে পড়ে বিয়ের জন্য কেনা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হারান তাঁরা।

রোববার দিবাগত রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ৬ থেকে ৭ জনের একটি দল মাইক্রোবাসটির পথরোধ করে। এ সময় পাঁচ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী থাকা লাগেজ নিয়ে যায় ডাকাতেরা।

ডাকাতির পর অভিযুক্ত ব্যক্তিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ছয়সূতি বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরিবার সূত্রে জানা যায়, শরীফুলকে বিমানবন্দর থেকে আনতে তাঁর বাবা আপুস মিয়া, বোন ও পাঁচ বছর বয়সী ভাগনে তাকরিম একটি মাইক্রোবাস নিয়ে ঢাকায় যান। তাঁদের সঙ্গে ছিলেন চালক সাইমন। তিনি শরীফুলের ফুফাতো ভাই এবং একই এলাকার বাসিন্দা।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার বিমানবন্দর থেকে মাইক্রোবাস নিয়ে ভৈরবের উদ্দেশে রওনা হন তাঁরা। ভোর ৪টার দিকে ভৈরবের নাভানা পাম্পে গ্যাস নেওয়ার পর কুলিয়ারচরের দিকে যাত্রা করেন। প্রায় ২০ মিনিট পর দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭ জনের একটি দল তাঁদের গাড়ির পথরোধ করে।

মাইক্রোবাসচালক সাইমন বলেন, ডাকাত দলের সদস্যরা গাড়িতে থাকা শিশু তাকরিমের গলায় ছুরি ধরে ভয় দেখায়। এ সময় শরীফুল ইসলামের সঙ্গে ডাকাতদের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে গাড়ির পেছনে থাকা লাগেজ নিয়ে যায় তারা।

ভুক্তভোগীদের ভাষ্য, ডাকাতেরা মাইক্রোবাসে থাকা বড় আকারের কয়েকটি মালামালের কার্টনও নেওয়ার চেষ্টা করে। তবে কার্টনগুলো ভারী হওয়ায় কিংবা সিএনজিচালিত অটোরিকশায় তোলা সম্ভব না হওয়ায় সেগুলো রাস্তার পাশে ফেলে যায়। যে লাগেজটি নিয়ে যায়, তাতেই শরীফুলের বিয়ের জন্য কেনা স্বর্ণালংকারসহ মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতির সময় পুলিশ ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। ডাকাতেরা ওই দিক দিয়ে পালিয়ে গেলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

শরীফুল ইসলাম বলেন, ‘দেশের অবস্থা এতটা খারাপ হয়েছে, তা বুঝতে পারিনি। চার বছর পর দেশে ফিরলাম বিয়ে করার জন্য। বিয়ের অলংকার থেকে শুরু করে মূল্যবান সব জিনিসপত্র যে লাগেজে ছিল, সেটিই নিয়ে গেছে। এমনকি আমার পাঁচ বছরের ভাগনের গলায় ছুরি ধরেছে। বিয়েসহ সবকিছু ঠিকঠাক ছিল, এখন বাধ্য হয়ে বিয়ের অনুষ্ঠানের সময়টাও পরিবর্তন করতে হচ্ছে।’

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুলিয়ারচরের বিভিন্ন সড়কে সাম্প্রতিক সময়ে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত দুই মাসে নোয়াগাঁও, আগরপুর, বাজরা ও আশপাশের এলাকায় একাধিক অপরাধের ঘটনা ঘটেছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট দিবাগত রাতে নোয়াগাঁও এলাকায় রিফ্লেকটিভ ভেস্ট পরা কয়েকজন ব্যক্তি একটি মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের মালামাল লুট করেন। এর আগের দিন, ২৭ আগস্ট, বাজরা বাসস্ট্যান্ডে মাইক্রোবাস আটকে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে।

এ ছাড়া ১ অক্টোবর রাতে আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এক মোটরসাইকেলচালককে জখম করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরদিন, ২ অক্টোবর রাতে উত্তর লক্ষ্মীপুর–রাজগোপাট সড়কে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুটের অভিযোগও পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার বাইরেও গত দুই মাসে আরও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। নোয়াগাঁও, আগরপুর, বাজরা ও আশপাশের সড়কে রাতের বেলায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব সড়কে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।