মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ইউক্রেন যুদ্ধ নিয়ে নরওয়েতে বৈঠক, থাকতে পারেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইউক্রেন যুদ্ধ নিয়ে নরওয়েতে বৈঠক, থাকতে পারেন জেলেনস্কি

ইউক্রেনের যুদ্ধ বন্ধে পরবর্তী দফার আলোচনা করতে চলতি সপ্তাহে নরওয়ে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ বিষয়ে জানেন, এমন তিনজন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওই ব্যক্তিদের মধ্যে দুজনের ধারণা, নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠেয় বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকবেন। তবে আলোচনায় অংশ নেওয়ার কথা থাকলেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি।

আলোচনায় জেলেনস্কি, নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের প্রতিনিধিরা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নিতে পারেন।

বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুজন ব্যক্তি আরও জানিয়েছেন, উইটকফ রাশিয়াও সফর করবেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ২০২২ সালে রাশিয়ায় কারাবন্দী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডের মুক্তির বিষয়টিও আলোচনায় আসতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানান, সফর ও বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এতে পরিবর্তন আসতে পারে। এর আগে সোমবার জেলেনস্কি বলেছিলেন, আগামী কয়েক দিনের মধ্যে নরওয়েতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হতে পারে। এ বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এ আলোচনা হতে যাচ্ছে। ইউক্রেনের অভিযোগ, দেশটির সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত স্টারশিল্ড উপগ্রহ যোগাযোগব্যবস্থার গতি কমানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। এ ব্যবস্থার মালিক স্পেসএক্স।

এ ছাড়া যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য আদান-প্রদান সীমিত করেছে এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে দেরি করছে বলেও অভিযোগ করেছে কিয়েভ। এসব অস্ত্র ও সরঞ্জাম কেনার জন্য অন্য দেশগুলো অর্থ দিয়েছিল।

সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘এসব ঘটনা থেকে মনে হচ্ছে, আমাদের সহায়তার গতি কমিয়ে দেওয়ার জন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছেন।

বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন ব্যক্তি জানিয়েছেন, ন্যাটোর সদস্যদেশগুলোর অর্থে কেনা যুক্তরাষ্ট্রের সর্বশেষ অস্ত্রের চালান পাঠানোর অনুমতি এখনো দেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ‘পার্ল’ নামের একটি কর্মসূচির আওতায় এসব অস্ত্র কেনা হয়েছে। তবে ওই চালানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছেন ট্রাম্প। সোমবার তিনি বলেন, ইউক্রেনের নেতার ‘আলোচনার জন্য অন্য কাউকে বেছে নেওয়ার’ সময় হয়তো এসেছে। তবে জেলেনস্কি বারবারই বলেছেন, তিনি আলোচনায় বসতে প্রস্তুত।

যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা ও ড্রোন পরিচালনার কাজে স্টারশিল্ড ব্যবহার করে ইউক্রেনের সামরিক বাহিনী। এ ব্যবস্থার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে স্পেসএক্সের চুক্তি রয়েছে। ইউক্রেনকেও এটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, স্টারশিল্ডের গতি কমিয়ে দেওয়ায় বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার হামলা ঠেকাতে পারেনি। গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, স্টারশিল্ডের ব্যবহার সীমিত করার নির্দেশ হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছিল।

স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, স্টারশিল্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। তাই এ ব্যবস্থার গতি বা ব্যবহার সীমিত করার যেকোনো সিদ্ধান্ত মার্কিন সামরিক বাহিনী অথবা প্রেসিডেন্ট নিতে পারেন।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে এবং পরিস্থিতি মূল্যায়ন করতে পারব।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পুরুষ ও এক নারী বাংলাদেশি প্রবাসীর বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শামা ওবায়েদ। একই সঙ্গে ফেসবুকের পোস্ট দেখে সিদ্ধান্তে না পৌঁছানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর ঢাকা বিষয়টি পর্যালোচনা করবে। এরপর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

শামা ওবায়েদ বলেন, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এখন জেদ্দার জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। তবে সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দি বাংলাদেশিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে বাংলাদেশের মিশনগুলোতে পাঠায় বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘এই দুই ব্যক্তির নাম ওই তালিকায় রয়েছে কি না, আমরা তা যাচাই করছি।’

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা যেন নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের রয়েছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘অনুগ্রহ করে ধৈর্য ধরুন এবং আমাদের রায়ের কপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে জানাতে পারব।’

সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করেছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ জানান, মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবের প্রতিক্রিয়াকে ‘খুবই ইতিবাচক’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎসও।

ডলারের দর সামলাতে বাজারে ২ কোটি ডলার বিক্রি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
ডলারের দর সামলাতে বাজারে ২ কোটি ডলার বিক্রি

ডলারের বিনিময় হার ১২৪ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ অক্টোবর) বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এসব ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চলতি অর্থবছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রিজার্ভ থেকে ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ১ কোটি ১৫ লাখ (১১ দশমিক ৫ মিলিয়ন) ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে প্রতি ডলার বিক্রি করা হয়েছিল ১২২ টাকা ৮০ পয়সা দরে। অর্থাৎ আগেরবারের তুলনায় এবার প্রতি ডলারে ৮৫ পয়সা বেশি দামে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

কুলিয়ারচরে শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বিয়ের গয়না লুট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
কুলিয়ারচরে শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বিয়ের গয়না লুট

প্রায় চার বছর ওমানে কাটিয়ে দেশে ফিরেছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী নতুন বাজার এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম (২৫)। দেশে ফেরার আনন্দের সঙ্গে যুক্ত হয়েছিল নতুন জীবনের প্রস্তুতি। ইতিমধ্যে মুঠোফোনে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে। দেশে ফিরে আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে ঘরে তোলার কথা ছিল তাঁর। এ জন্য বিমানবন্দর থেকে তাঁকে আনতে মাইক্রোবাস নিয়ে ঢাকায় গিয়েছিলেন স্বজনেরা। কিন্তু বাড়ি ফেরার পথে তাঁদের আনন্দ বিষাদে পরিণত হয়। সড়কে ডাকাতের কবলে পড়ে বিয়ের জন্য কেনা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হারান তাঁরা।

রোববার দিবাগত রাত আনুমানিক ৪টা ২০ মিনিটে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ৬ থেকে ৭ জনের একটি দল মাইক্রোবাসটির পথরোধ করে। এ সময় পাঁচ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী থাকা লাগেজ নিয়ে যায় ডাকাতেরা।

ডাকাতির পর অভিযুক্ত ব্যক্তিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ছয়সূতি বাসস্ট্যান্ডের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরিবার সূত্রে জানা যায়, শরীফুলকে বিমানবন্দর থেকে আনতে তাঁর বাবা আপুস মিয়া, বোন ও পাঁচ বছর বয়সী ভাগনে তাকরিম একটি মাইক্রোবাস নিয়ে ঢাকায় যান। তাঁদের সঙ্গে ছিলেন চালক সাইমন। তিনি শরীফুলের ফুফাতো ভাই এবং একই এলাকার বাসিন্দা।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার বিমানবন্দর থেকে মাইক্রোবাস নিয়ে ভৈরবের উদ্দেশে রওনা হন তাঁরা। ভোর ৪টার দিকে ভৈরবের নাভানা পাম্পে গ্যাস নেওয়ার পর কুলিয়ারচরের দিকে যাত্রা করেন। প্রায় ২০ মিনিট পর দাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭ জনের একটি দল তাঁদের গাড়ির পথরোধ করে।

মাইক্রোবাসচালক সাইমন বলেন, ডাকাত দলের সদস্যরা গাড়িতে থাকা শিশু তাকরিমের গলায় ছুরি ধরে ভয় দেখায়। এ সময় শরীফুল ইসলামের সঙ্গে ডাকাতদের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে গাড়ির পেছনে থাকা লাগেজ নিয়ে যায় তারা।

ভুক্তভোগীদের ভাষ্য, ডাকাতেরা মাইক্রোবাসে থাকা বড় আকারের কয়েকটি মালামালের কার্টনও নেওয়ার চেষ্টা করে। তবে কার্টনগুলো ভারী হওয়ায় কিংবা সিএনজিচালিত অটোরিকশায় তোলা সম্ভব না হওয়ায় সেগুলো রাস্তার পাশে ফেলে যায়। যে লাগেজটি নিয়ে যায়, তাতেই শরীফুলের বিয়ের জন্য কেনা স্বর্ণালংকারসহ মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতির সময় পুলিশ ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। ডাকাতেরা ওই দিক দিয়ে পালিয়ে গেলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

শরীফুল ইসলাম বলেন, ‘দেশের অবস্থা এতটা খারাপ হয়েছে, তা বুঝতে পারিনি। চার বছর পর দেশে ফিরলাম বিয়ে করার জন্য। বিয়ের অলংকার থেকে শুরু করে মূল্যবান সব জিনিসপত্র যে লাগেজে ছিল, সেটিই নিয়ে গেছে। এমনকি আমার পাঁচ বছরের ভাগনের গলায় ছুরি ধরেছে। বিয়েসহ সবকিছু ঠিকঠাক ছিল, এখন বাধ্য হয়ে বিয়ের অনুষ্ঠানের সময়টাও পরিবর্তন করতে হচ্ছে।’

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুলিয়ারচরের বিভিন্ন সড়কে সাম্প্রতিক সময়ে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত দুই মাসে নোয়াগাঁও, আগরপুর, বাজরা ও আশপাশের এলাকায় একাধিক অপরাধের ঘটনা ঘটেছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ আগস্ট দিবাগত রাতে নোয়াগাঁও এলাকায় রিফ্লেকটিভ ভেস্ট পরা কয়েকজন ব্যক্তি একটি মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের মালামাল লুট করেন। এর আগের দিন, ২৭ আগস্ট, বাজরা বাসস্ট্যান্ডে মাইক্রোবাস আটকে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটে।

এ ছাড়া ১ অক্টোবর রাতে আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এক মোটরসাইকেলচালককে জখম করে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরদিন, ২ অক্টোবর রাতে উত্তর লক্ষ্মীপুর–রাজগোপাট সড়কে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুটের অভিযোগও পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার বাইরেও গত দুই মাসে আরও একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। নোয়াগাঁও, আগরপুর, বাজরা ও আশপাশের সড়কে রাতের বেলায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব সড়কে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।