আট মাসে সরকারি হাসপাতালে বাড়ল ৩ হাজারের বেশি শয্যা
মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে বর্তমান সরকার। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের শয্যাপ্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এ ছাড়া একই সময়ে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এর একটি হবে ঠাকুরগাঁওয়ে, অন্যটি নরসিংদীতে।
গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে।
এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। হাসপাতাল দুটির শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।
এ ছাড়া গত ১৩ জুলাই এক আদেশে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতাল দুটিতে ১৫০টি করে শয্যা বেড়েছে।
একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়। এ ছাড়া লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়।
গত ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। একইভাবে ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০টি বাড়ানো হয়েছে।
দেশজুড়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট ওই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।
এ ছাড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সেখানে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীরা যাতে শয্যা পেতে সমস্যায় না পড়েন, সে জন্য মানুষের প্রয়োজন বিবেচনায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।










Disqus comments are not configured yet.