বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে আক্রান্ত ২ লাখ ৪২ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হামের উপসর্গে আক্রান্ত ২ লাখ ৪২ হাজার ছাড়াল

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং নমুনা পরীক্ষায় ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে এখন পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ২০৮, চট্টগ্রামে ১১৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৪৫২, চট্টগ্রামে ২৫৬, সিলেটে ১৬৪, বরিশালে ১০৬, খুলনায় ১০৮, ময়মনসিংহে ১০৭, রংপুরে ৪০ এবং রাজশাহীতে ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাঁদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৯০৭। তাঁদের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। তাই প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নির্ধারণ কঠিন। অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রোগীদের তথ্য নথিভুক্ত করা হয়।

বকেয়া আদায়ে ব্যান্ডউইথ কমানোসহ কঠোর পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
বকেয়া আদায়ে ব্যান্ডউইথ কমানোসহ কঠোর পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি

টেলিযোগাযোগ খাতের বিভিন্ন পর্যায়ের অপারেটরদের কাছ থেকে প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা বকেয়া আদায়ে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া আদায়ে আর্থিক পদক্ষেপের পাশাপাশি জরিমানা, ব্যান্ডউইথ সীমিতকরণ এবং লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে কমিশন।

সম্প্রতি কমিশনের এক বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বকেয়া আদায়ের বিষয়টি উঠে আসে। এর আওতায় রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বকেয়া ব্যান্ডউইথ চার্জ, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাদাতা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংক্রান্ত বকেয়া এবং ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডারদের (আইপিটিএসপি) বকেয়া লাইসেন্স ও বার্ষিক ফি।

নথিপত্র অনুযায়ী, মোট বকেয়ার মধ্যে আইপিটিএসপি অপারেটরদের কাছে পাওনা ৩৪ কোটি ৬২ লাখ টাকা, আইআইজি অপারেটরদের কাছে ৮ কোটি ৯৬ লাখ টাকা এবং দেশের একমাত্র এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে ৫ কোটি ১ লাখ টাকা।

আইআইজি খাতে নিরীক্ষায় বিল না করা ব্যান্ডউইথ ব্যবহারের জন্য ২৬টি অপারেটরের বিরুদ্ধে ৯ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৪৪ টাকা দাবি চিহ্নিত করা হয়। এর মধ্যে কমিশন ৫১ লাখ ১৪ হাজার টাকা আদায় করেছে। এখনো বকেয়া রয়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকা।

কিছু অপারেটরকে কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দিয়েছে কমিশন। সাইবারগেট লিমিটেডের বিরুদ্ধে ৩৮ লাখ ১৯ হাজার টাকা দাবির বিপরীতে প্রতিষ্ঠানটি ৫ লাখ টাকা পরিশোধ করেছে। বাকি ৩৩ লাখ ১৯ হাজার টাকা বার্ষিক ১৫ শতাংশ বিলম্ব ফিসহ ১২টি সমান মাসিক কিস্তিতে পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেড তাদের ৯৬ লাখ ২৬ হাজার টাকা দাবির বিপরীতে ২৫ লাখ টাকা পরিশোধ করেছে। অবশিষ্ট ৭১ লাখ ২৬ হাজার টাকা ১২টি সমান কিস্তিতে পরিশোধের সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২১ লাখ ১৩ হাজার টাকা বকেয়া থাকা পিরেস্ক নেটওয়ার্কস লিমিটেডকে এক মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যান্য খেলাপি আইআইজি অপারেটরদের কাছ থেকে কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মাধ্যমে বকেয়া আদায়ের সিদ্ধান্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, ম্যাক্সনেট অনলাইন, ম্যাক্সহাব লিমিটেড, ইন্ট্রাগ্লোব কমিউনিকেশন লিমিটেড, ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশন লিমিটেড, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ইকুইটেল কমিউনিকেশন লিমিটেড, রেডিয়েন্ট কমিউনিকেশন লিমিটেড, রেগো কমিউনিকেশন লিমিটেড এবং প্ল্যানেট ইন্টারনেট গেটওয়ে লিমিটেড।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাওনা বিল না করা ব্যান্ডউইথ চার্জ বাবদ ২ কোটি ৬৪ লাখ টাকা আদায়েও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তবে নিরীক্ষিত আইআইজি দাবির বাইরে এই অর্থ আলাদা কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মোট বকেয়ার হিসাবের সঙ্গে এটি যুক্ত করা হয়নি।

আইপিটিএসপি খাতে বকেয়া লাইসেন্স ও বার্ষিক ফির পরিমাণ ৩৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৩৬ টাকা। কমিশন এরই মধ্যে ১৮টি লাইসেন্স বাতিল করেছে। এ ছাড়া ৮ কোটি ৭৯ লাখ টাকার জন্য ডিজিটাল কানেক্টিভিটি লিমিটেড এবং ২১ কোটি ২১ লাখ টাকার জন্য আইডিয়া নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেছে। মামলা দুটির অর্থ এই খাতের উল্লিখিত মোট বকেয়ার অন্তর্ভুক্ত, অতিরিক্ত দায় নয়।

এ ছাড়া আইসিসি কমিউনিকেশন, আইডিয়া টেক লিমিটেড, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও সরকার কমিউনিকেশনসহ বকেয়া থাকা সচল আইপিটিএসপি প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি লিমিটেডের কাছে বকেয়ার পরিমাণ ৫ কোটি ১ লাখ ৬৭ হাজার ৮১৮ টাকা। এর মধ্যে রয়েছে ২ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৩০৯ টাকার অসমন্বিত রাজস্ব অংশ (রেভিনিউ শেয়ার), ২ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৯৮৯ টাকার রাজস্ব অংশের বিলম্ব ফি, ৩৩ লাখ ১৬ হাজার ৮৯৯ টাকার ভ্যাট, ১০ লাখ ৯০ হাজার ১৮৬ টাকার সার্ভিস অবলিগেশন ফান্ডের বকেয়া এবং সংশ্লিষ্ট বিলম্ব ফি বাবদ ১০ লাখ ৩৭ হাজার ৪৩৫ টাকা।

কমিশনের ৩০০তম বৈঠকের পর প্রতিষ্ঠানটিকে ১২টি মাসিক কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কিস্তির অর্থ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। ফলে কমিশন তাকে ১ লাখ টাকা জরিমানা করেছে, যা ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি মূল বকেয়া আদায়ের বিষয়টি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে পাঠানো হয়েছে।

আর্থিক বকেয়া আদায়ের পাশাপাশি স্বয়ংক্রিয় ডেটা ইনফরমেশন সিস্টেমের (ডিআইএস) মাধ্যমে বাধ্যতামূলক তথ্য জমা না দেওয়ায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছে কমিশন।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যান্ডউইথ ব্যবহার, গ্রাহক সংখ্যা ও নেটওয়ার্কের মানসংক্রান্ত তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় ১১৬টি অকার্যকর বা নিয়ম না মানা আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অপারেটরদের জবাব এবং পরবর্তী সময়ে নিয়ম মেনে চলার (কমপ্লায়েন্স) ভিত্তিতে বিভিন্ন হারে জরিমানা আরোপ করেছে কমিশন। নিবন্ধিত অপারেটরদের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২ হাজার ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে নিবন্ধিত গোষ্ঠীর বাইরের অপারেটরদের জরিমানা করা হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

সব খেলাপি অপারেটরকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে।

এ ছাড়া বেনাপোলে অননুমোদিত টিসিএলএস পয়েন্ট অব প্রেজেন্স পরিচালনা এবং বিটিআরসির অনুমোদন ছাড়া অবকাঠামো ভাগাভাগি করার দায়ে আর্থ টেলিকমিউনিকেশন লিমিটেডকেও জরিমানা করেছে কমিশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৫(৫) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈঠকের কার্যবিবরণীতে জরিমানার অঙ্ক সংখ্যায় ও কথায় লেখার মধ্যে গরমিল থাকায় প্রকৃত পরিমাণ যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে, বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া ‘সাইক্লোন প্রকল্পের’ অধীনে রোমান্স ও সানসহ তৃতীয় পক্ষের সঙ্গে প্ল্যাটফর্ম ও সেবা চুক্তি করায় এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোম লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে এ জরিমানা পরিশোধ করতে হবে।

কমিশনের এসব সিদ্ধান্ত টেলিযোগাযোগ খাতে আর্থিক ও লাইসেন্সিং বাধ্যবাধকতা কার্যকর করার পাশাপাশি সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার বকেয়া রাজস্ব আদায়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

ফাইনালের লড়াইয়ে পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ফাইনালের লড়াইয়ে পাকিস্তানকে ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মুদ্রার উল্টো পিঠ দেখলেন আহসান আল মুমিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ৬ বলে মাত্র ১ রান করে ফিরেছেন সাজঘরে। তাঁর ব্যর্থতার দিনে অল্প রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ দল।

ওমানের আল আমেরাতে পাকিস্তানের বিপক্ষে সব উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে ফরিদ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন ওপেনার আবদুল্লাহ আল মুহি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫০ রান। ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।

মুহি ছাড়া বাংলাদেশের আর মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। অধিনায়ক ফরিদ হাসান করেছেন ১৭, আল রাফি ২০ এবং রাকিবুল হাসান ২৬ রান।

বাংলাদেশকে দেড় শ রানের আগেই আটকে দিতে পাকিস্তানের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন রিজওয়ানুল্লাহ। গতির ঝড় তুলে ৩০ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন এই পাকিস্তানি পেসার।

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন আহসান আল মুমিন। তাঁর ১০টি চার ও ছয়টি ছক্কার ইনিংসে ভর করে বাংলাদেশ ৩০৩ রানের বড় সংগ্রহ গড়েছিল।

ফাইনালে উঠতে হলে এবার বোলারদেরই দায়িত্ব নিতে হবে বাংলাদেশকে। আগের ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ৯৮ রানে অলআউট করার পথে একাই সাত উইকেট নিয়েছিলেন পেসার তাফিউল আলম তামিম। পাকিস্তানের বিপক্ষেও তাঁর কাছ থেকে ভালো বোলিংয়ের প্রত্যাশা থাকবে।

সোনার দামে বড় পতন, এক সপ্তাহে তিন দফা কমল দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
সোনার দামে বড় পতন, এক সপ্তাহে তিন দফা কমল দাম

দেশের বাজারে সাত দিনের ব্যবধানে তিন দফা কমানো হয়েছে সোনার দাম। সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে গতকাল বুধবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা এবং গত শুক্রবার (৬ নভেম্বর) একই পরিমাণ দাম কমানো হয়েছিল। সব মিলিয়ে সাত দিনে ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।