দক্ষতা ও ভাষাজ্ঞান প্রবাস জীবনের সাফল্যের চাবিকাঠি: জেলা প্রশাসক
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি হচ্ছে রেমিট্যান্স। কিন্তু অনেক প্রবাসী ভাষাজ্ঞান ও দক্ষতার অভাবে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত উপার্জন করতে পারেন না। দক্ষতা প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি গড়ে দেয়— তাই ভাষাজ্ঞানসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল — ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’।
জেলা প্রশাসক বলেন, “সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা বিদেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ সবাইকে গ্রহণ করা উচিত।”
কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
অনুষ্ঠানে প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতায় মোট ছয়জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে তিনি বিদেশ গমনেচ্ছু কর্মীদের তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের সমস্যা সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।




