কিশোরগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি মুক্তিযোদ্ধাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন জেলার ১৩ উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়কসহ জেলার মুক্তিযোদ্ধারা।
শুক্রবার (১৪ নভেম্বর) ১৩ উপজেলা ইউনিট ও জেলা ইউনিট আহ্বায়কদের স্বাক্ষরিত আবেদনপত্র কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে পাঠানো হয়।
এর আগে ১১ নভেম্বর কিশোরগঞ্জ জেলা ইউনিট কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যৌথ সভায় কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান, ৩ নভেম্বর ঘোষিত বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নাম রয়েছে। কিন্তু তিনি এলাকায় একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলার বিতর্কিত তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দের সঙ্গে তার সখ্য ও হৃদ্যতা—এটি সর্বজনবিদিত বলে দাবি করেন মুক্তিযোদ্ধারা।
এ ছাড়া সভায় অ্যাডভোকেট জালাল উদ্দিনের বিরুদ্ধে আরও সাতটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়।
মুক্তিযোদ্ধারা কিশোরগঞ্জ-২ আসনে জালাল উদ্দিনকে বাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেন,
“সারা জেলার ১৩ উপজেলা মুক্তিযোদ্ধাদের যৌথসভার রেজুলেশনের কপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। আশা করি তিনি বিষয়টি আমলে নিয়ে জনগণের সার্বিক স্বার্থে বিবেচনা করে প্রার্থী পরিবর্তন করবেন।”




