কিশোরগঞ্জের অপহরণকারী চকবাজারে গ্রেফতার, ভিকটিম উদ্ধার
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার অপহরণ মামলার আসামি মোঃ মাহবুব মিয়া (২৫) কে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি ঢাকার চকবাজার উপজেলার পূর্ব ইসলামাবাদ রহমতগঞ্জ ইউনাইটেড ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে মাহবুব মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় ভিকটিমও নিরাপদে উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, মাহবুব মিয়া ভিকটিমের বাড়ির পাশের একটি বাসায় দীর্ঘদিন বসবাস করছিল। গত প্রায় ৪–৫ মাস ধরে সে ভিকটিমের (১৫) স্কুলযাত্রা ও রাস্তাঘাটে উত্যক্ত করত এবং অপহরণের হুমকি দিত।
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকালে ভিকটিমের বাবা-মা বাড়ির বাইরে থাকাকালীন মাহবুব মিয়া ও অন্যরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখে। ভিকটিমের মা বাদী হয়ে ভৈরব থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প তদন্ত শুরু করে।
অভিযানিক সূত্রে নিশ্চিত হওয়া যায় ভিকটিম ও আসামীর অবস্থান। এরপর দুপুর ১২ টায় র্যাব-১০ ও ডিএমপি যৌথভাবে অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
ভৈরব র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি নোমান আহমদ জানান, ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং অপহরণকারীকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।







