ইটনায় কৃষকের ফিসারিতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের রামপুর মৌজা এলাকায় এক কৃষকের ফিসারিতে হামলা চালিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এনসিপির ইটনা উপজেলা প্রধান সমন্বয়কারী নাজমুল ঠাকুর ও ধনপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সুজিত দাসসহ তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মনো রঞ্জন দাস ইটনা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে এনসিপি নেতা নাজমুল ঠাকুরের নির্দেশে সুজিত দাস, নিক্সন মিয়া, সোহেল মিয়াসহ ৪০–৪৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রামপুর সংলগ্ন ফিসারিতে প্রবেশ করে। তারা ফিসারিতে থাকা মাছ ধরার প্রস্তুতকৃত জাল কেটে ফেলে এবং মনো রঞ্জন দাসের পরিবারের সদস্যদের গালিগালাজ, ধাওয়া ও হত্যার হুমকি দেয় এবং দুই লক্ষ টাকা চাঁদা পরিষদের তাগিদ দেন।
ভুক্তভোগী মনো রঞ্জন দাস অভিযোগে উল্লেখ করেছেন, তারা পৈতৃক জমিতে বছরের পর বছর ধরে ধান চাষ ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি বছর ফিসারির বাঁশ, নৌকা এবং অন্যান্য সরঞ্জামে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন। কিন্তু ওই রাতে হামলাকারীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফিসারির বাঁশ কাটাসহ একাধিক নৌকা ভাঙচুর করে।
অভিযোগে আরও বলা হয়, গোপাল দাস নামে এক মাছব্যবসায়ীর কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা জোর করে নিয়ে যায় হামলাকারীরা। ফিসারির বাঁশ ও সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন তিনি।
মনো রঞ্জন দাস আরও জানান, চাঁদা না দিলে ‘মড় জ্বালাই করে দেবে’ বলে ভয়ভীতি দেখানো হয়। ঘটনার পর গ্রামবাসীকে ঘটনাস্থল দেখাতে গেলে বিবাদী পক্ষ তাদেরও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার আশঙ্কাও উল্লেখ করা হয়েছে।
ধনপুর ইউনিয়নের এনসিপি নেতা সুজিত দাস বলেন, চাঁদা দাবির অভিযোগ মিথ্যা ও গুজব আমরা ফিসারিতে গিয়েছিলাম উনাদের কে বাধা দেওয়ার জন্য কেননা এই জায়গায় বাদ দিয়ে আমরা আরো আগে থেকেই মাছ ধরে আসছি বাধা দেওয়ার পর কারো কোনো ক্ষতি হয়নি। এই বিষয়ে এনসিপির ইটনা উপজেলার প্রধান সমন্বয়কারী নাজমুল ঠাকুরের মুঠোফোনে একাধিক কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর ইকবাল বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




