কটিয়াদীতে ধান কাটার মেশিনের ধাক্কায় ১ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান কাটার হারভেস্টার মেশিনে ধাক্কায় পড়ে ১ম শ্রেণির মো. সাজ্জাদ হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মসূয়া ইউনিয়নের চরআলগী দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের শাজাহানের ছেলে মো. সাজ্জাদ হোসেন। সে প্রতিভা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আত্নীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই ধানকাটা হারভেস্টার মেশিন দেখতে যায় সাজ্জাদ হোসেন। ধান কাটার মেশিনটি এক জমি থেকে অন্য জমিতে সরানোর সময় সাজ্জাদ হোসেন দৌড়াদৌড়ি করে মেশিনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মসূয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় অসাবধানতাবশত শিশুটি দৌড়াদৌড়ি করে ধান কাটার মেশিনের সাথ ধাক্কা খেয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মুকছেদুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন নামের ১ম শ্রেণির এক শিক্ষাথী ধান কাটার মেশিনের ধাক্কায় নিহত হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




