রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগে সেবা নিতে রোগীদের ভোগান্তি চরমে

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে বহির্বিভাগে সেবা নিতে রোগীদের ভোগান্তি চরমে

২৫০ শয্যাবিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পেতে ভোগান্তির শেষ নেই। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। পুরুষ, মহিলা ও শিশু—তিন ভাগে আলাদা কাউন্টার থাকলেও জনস্রোত সামাল দেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ২০২০ সাল থেকে দেশের সব সরকারি হাসপাতালে শেয়ার্ড হেলথ রেকর্ড ও অটোমেশন কার্যক্রম চালুর কথা থাকলেও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এ সুবিধা এখনো বাস্তবায়ন হয়নি। এর ফলে রোগীর পুরোনো ইতিহাস হাতে-কলমে যাচাই করতে গিয়ে চিকিৎসকদের সময় ব্যয় বেশি হচ্ছে এবং প্রতিটি বিভাগে ৫০ থেকে ১০০ জন রোগীর দীর্ঘ লাইন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় হাজারখানেক রোগী বহির্বিভাগে সেবা নিতে আসেন। কম সংখ্যক মেডিকেল অফিসার দিয়ে এমন চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। রোগীদের অভিযোগ স্বল্প জনবল ও অটোমেশন না থাকার কারণে চিকিৎসা পেতে সময় লাগছে কয়েক ঘণ্টা।

কয়েকজন রোগী জানান, যদি হাসপাতাল কর্তৃপক্ষ বিকেলে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু করে যেমন ১০০ টাকায় সাধারণ চিকিৎসা ও ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা, তাহলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা যথাযথ সেবা পেতে পারবে। তারা বলেন, বেসরকারি হাসপাতালে ৮০০ থেকে ১০০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসা করানো অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, উপরন্তু পরীক্ষা-নিরীক্ষার খরচও বহন করা কষ্টকর। এ কারণে অনেকেই চিকিৎসা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন।এতে মানুষের মৌলিক অধিকার থেকে যেমন বঞ্চিত হচ্ছে ঠিক তেমনি মানবিক দিক থেকে বিষয়টি খুবই অমানবিক।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হাসপাতালের সব সেবা অটোমেশনের আওতায় আনার ঘোষণা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এনআইডি ভিত্তিক সেবা চালু হলে রোগীর চিকিৎসা ইতিহাস সার্ভারে সংরক্ষিত থাকবে, ফলে চিকিৎসা সেবা দেওয়া আরও সহজ হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. নূর মো. শামসুল আলম বলেন,
“এনআইডি কার্যক্রম পুরোপুরি চালু করতে পারিনি, তবে কাজ চলছে। জনবল সংকটের কারণে কিছু ডিপার্টমেন্ট যেমন চক্ষু বিভাগ বন্ধ আছে। আমরা বিভিন্ন সময় মন্ত্রণালয়ে জনবল চাহিদা পাঠিয়েছি। বিকেল বেলা অতিরিক্ত চিকিৎসা সেবা দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই।”

রোগী ও সচেতন মহল মনে করেন, হাসপাতালের অটোমেশন চালু করা এবং বিকেলে স্বল্পমূল্যের চিকিৎসা সেবা ব্যবস্থা চালু করলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা সহজ হবে এবং সার্বিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

 

কটিয়াদীতে জমকালো আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
কটিয়াদীতে জমকালো আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল

কিশোরগঞ্জের কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (উপজেলা পর্যায়)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, আর খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্সে জমে ওঠে পুরো আয়োজন।

শুক্রবার (১ মে) বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় বালক ও বালিকা—উভয় বিভাগেই দেখা যায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা।

বালক বিভাগে ৫-১ গোলের দাপুটে জয়ে লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগে ৪-২ গোলের ব্যবধানে চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জুহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও শামসুল হক চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলী, সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার।

খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রাণবন্ত এই আয়োজনকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ ও ব্যাপক উচ্ছ্বাস।

ভৈরবে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক

ভৈরব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
ভৈরবে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের জগন্নাথপুর-লক্ষ্মীপুর রেলক্রসিং সংলগ্ন ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

এতে কাভার্ডভ্যানের চালক জাবেদ মিয়াসহ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় চালক জাবেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, আহত জাবেদ মিয়া সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হামিদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত কাভার্ডভ্যান চালক জাবেদ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন থানা হেফাজতে আনা হয়েছে। দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হোসেনপুরে চুরি যাওয়া ট্রাক্টর সুনামগঞ্জ থেকে উদ্ধার, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
হোসেনপুরে চুরি যাওয়া ট্রাক্টর সুনামগঞ্জ থেকে উদ্ধার, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ

অবশেষে সন্ধান মিলল হোসেনপুর পৌরসভা ভবনের সামনে থেকে চুরি যাওয়া সেই আলোচিত আইশার ট্রাক্টরের। কিশোরগঞ্জের হোসেনপুর থেকে চুরি হওয়ার প্রায় এক সপ্তাহ পর সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করেছে পুলিশ।

গত ২৩ এপ্রিল ২০২৬ রাতে হোসেনপুর পৌর ভবনের পূর্ব দিকে শহীদ মিনার সংলগ্ন ফাঁকা জায়গা থেকে ৯ লাখ ৫ হাজার টাকা মূল্যের আইশার ট্রাক্টরটি চুরি হয়। এ ঘটনায় ট্রাক্টরের মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ ও সাংবাদিকদের তৎপরতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ মে) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাক্টরটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ট্রাক্টর ফিরে পেয়ে আবেগাপ্লুত মালিক মোঃ কামরুজ্জামান কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ। প্রথমে মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এলাকাবাসীর দোয়া, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার ভাই-বন্ধু এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমার ট্রাক্টরটি পাওয়া গেছে। আমি সকলের প্রতি এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি।”

তিনি আরও বলেন, চুরির ঘটনার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। পত্রিকায় নিউজ হওয়ার পর পুলিশ আরও তৎপর হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজ আমার সম্পদ ফিরে পেলাম।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, চুরি যাওয়া ট্রাক্টরটি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে উদ্ধার করা হয়েছে। চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আন্তঃজেলা চোরচক্রের কাজ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পৌর ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে থেকে ট্রাক্টর চুরির ঘটনায় হোসেনপুর পৌরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে ট্রাক্টরটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল “প্রশাসনের নাকের ডগায় ট্রাক্টর চুরি, উদ্বেগ হোসেনপুর পৌরবাসীর” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।