‘পদে থাকলে ভোট নয়’—উপদেষ্টাদের বিষয়ে জানালেন ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য পদে বহাল থাকা অবস্থায় ভোট দিতে পারবেন না। তিনি বলেন, ‘আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।’
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তপশিল ঘোষণার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যেদিন তপশিল ঘোষণা হবে, সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে। আচরণবিধি প্রতিপালনে তপশিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।’
ইসি সানাউল্লাহ জানান, ভোটের আগের রাতেই ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক, পোস্ট অফিস খোলা রাখা হবে।’
তপশিল ঘোষণার পরে নতুন কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন করতে পারবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বলেও তিনি স্পষ্ট করেন।







