শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ১,৫০০ টন আমদানির অনুমতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ১,৫০০ টন আমদানির অনুমতি দিল সরকার

খুচরা বাজারে পেঁয়াজের লাগামছাড়া দামের চাপ কমাতে শেষ পর্যন্ত ভারত থেকেই আমদানির পথ খুলে দিল সরকার। আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দিয়েছে। মোট ৫০ জন আমদানিকারক এ অনুমতি পেয়েছেন, তবে প্রত্যেকের আমদানির সীমা ৩০ টন এবং কেউ দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। আইপির মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

গত এক সপ্তাহে বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫০ টাকা ছাড়িয়ে যাওয়ার পর গতকাল শনিবার কৃষি মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল যে আবেদনকারীদের মধ্যে আইপি দেওয়া হবে। জানানো হয়, ১ আগস্ট থেকে যারা আবেদন করেছেন, শুধুমাত্র তারাই বিবেচনায় আসবেন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আইপির জন্য মোট আবেদন জমা পড়েছে প্রায় ৩ হাজার ৫০০। স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম ৫০টি আবেদন আজ নির্বাচিত হয়েছে।

হিলি সীমান্তসংলগ্ন বিজয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বন্টি জয়সয়াল বলেন, সার্ভারে ঢুকতে না পারায় তিনি আবেদন করতে পারেননি। তাঁর মতে, ৩০ টন কোটা প্রয়োজনের তুলনায় কম।

এর আগে গত ৯ নভেম্বর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, বাজার স্থিতিশীল না হলে এক সপ্তাহের মধ্যে আইপি দেওয়া হবে। তবে সেই ঘোষণা কার্যকর হতে সময় লেগেছে প্রায় এক মাস।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) গত বছর ভারতনির্ভরতা কমাতে বিকল্প উৎস—পাকিস্তান, তুরস্ক, মিসর, চীন ও মিয়ানমার—ব্যবহারের পরামর্শ দিয়েছিল। বাংলাদেশ আগে ভারত ও মিয়ানমার থেকেই বেশি পেঁয়াজ আমদানি করত।

ভারতের দ্য ইকোনমিক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা যায়, এক সময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের এক-তৃতীয়াংশ যেত বাংলাদেশে। কিন্তু গত আট মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই কম পেঁয়াজ এনেছে। অথচ ঢাকার বাজারে পেঁয়াজের দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় তিন গুণ বেশি।

এদিকে দেশে পেঁয়াজ উৎপাদন ধীরে ধীরে বাড়ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২২–২৩ অর্থবছরে উৎপাদন ছিল ৩৪ লাখ ১৭ হাজার টন, ২০২৩–২৪ সালে ৩৭ লাখ ৯০ হাজার টন, ২০২৪–২৫ সালে ৪২ লাখ ৫০ হাজার টন। চলতি অর্থবছর শেষ না হতেই উৎপাদন দাঁড়িয়েছে ৪২ লাখ ৬৪ হাজার টনে। দেশের বার্ষিক চাহিদা ২৫–৩০ লাখ টন হলেও বীজ ও পচনের কারণে শেষ সময়ে ঘাটতি তৈরি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন বলেন, “ভোক্তাস্বার্থ বিবেচনায় ৫০টি আইপি দেওয়া হয়েছে, প্রয়োজনে আরও দেওয়া হবে। তবে দাম কমলে আমদানি বন্ধ করা হবে, কারণ কৃষকের স্বার্থও আমাদের দেখতে হবে।”

আজ বিকেল সোয়া চারটায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতের প্রথম চালান হিসেবে ৩০ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। মেসার্স রকি ট্রেডার্সের মালিক আতিক হাসান জানান, প্রতি টন পেঁয়াজ আমদানিতে এলসি খোলা হয়েছে ২৫০ মার্কিন ডলারে। উৎপাদন ও পরিবহনসহ প্রতি কেজির দাম দাঁড়াচ্ছে প্রায় ১৮ রুপি।

আমদানির ঘোষণার পর আজ ঢাকার বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে কেজি ১৪০ টাকায় নেমেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে কেজিপ্রতি ২৫–৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম।

শোকে স্তব্ধ মিঠামইন, লাখো মানুষের উপস্থিতিতে জাহাঙ্গীরের শেষ বিদায়

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
শোকে স্তব্ধ মিঠামইন, লাখো মানুষের উপস্থিতিতে জাহাঙ্গীরের শেষ বিদায়

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাময়িকভাবে পদ স্থগিত হওয়া সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের নামাজে জানাজা শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর মিঠামইন হেলিপ্যাড মাঠে (কেন্দ্রীয় মাঠ) অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন বিপুলসংখ্যক মানুষ। স্থানীয়রা উপস্থিতির সংখ্যা প্রায় লক্ষাধিক বলে জানিয়েছেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া,  জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি) সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান (জিএস) শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ শহীদী মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের সময় স্বজন, সহকর্মী ও সমর্থকদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। শেষ বিদায়ে উপস্থিত মানুষের অনেকেই এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন এসএম জাহাঙ্গীর আলম। স্থানীয় সূত্র জানায়, বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন হামলাকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

কটিয়াদীর করগাঁও হাওরে অভিযান: আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মাইনুল হক মেনু প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
কটিয়াদীর করগাঁও হাওরে অভিযান: আড়াই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

উন্মুক্ত জলাশয়ের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও হাওরে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি (রিং) জাল ও কারেন্ট জালসহ মোট ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত সব জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাট্রা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

শুধু নিষিদ্ধ জাল জব্দেই সীমাবদ্ধ থাকেনি অভিযান। করগাঁও হাওরের বিভিন্ন এলাকায় ইলেকট্রোফিশিং (বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকার) প্রতিরোধে তদারকি চালানো হয়। পাশাপাশি মাছের স্বাভাবিক চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ বাঁধ এবং বিভিন্ন স্থায়ী প্রতিবন্ধক অপসারণের কার্যক্রমও পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে ৬২টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়। এসব জালের মোট আনুমানিক দৈর্ঘ্য ১ হাজার ৮৭০ মিটার, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ১০টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক দৈর্ঘ্য ৫০০ মিটার এবং বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৭২টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি (রিং) জাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ করা হলে বিপুলসংখ্যক পোনা মাছ, ডিমওয়ালা মা মাছ এবং দেশীয় ছোট প্রজাতির মাছ ধ্বংস হয়ে যায়। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উন্মুক্ত জলাশয়ের পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই সরকার এসব জালের উৎপাদন, বিক্রয়, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করেছে।

অভিযান শেষে জব্দ করা সব নিষিদ্ধ জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উপস্থিত জেলে, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের নিষিদ্ধ জালের ক্ষতিকর প্রভাব, ইলেকট্রোফিশিংয়ের ভয়াবহতা এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। ভবিষ্যতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা অবৈধভাবে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

কটিয়াদীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া বলেন,
“সরকারের নির্দেশনা অনুযায়ী উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিষিদ্ধ জাল, ইলেকট্রোফিশিং ও অবৈধ বাঁধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—দুই কার্যক্রমই সমান্তরালভাবে পরিচালিত হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ করা সম্ভব হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, করগাঁও হাওর ছাড়াও কটিয়াদী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার, অবৈধ মাছ শিকার এবং ইলেকট্রোফিশিং প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হবে। জনস্বার্থে এবং দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

শহীদ ইফতি আব্দুল্লাহর আত্মত্যাগ স্মরণে কুলিয়ারচরে শ্রদ্ধা ও দোয়া

আজিজুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
শহীদ ইফতি আব্দুল্লাহর আত্মত্যাগ স্মরণে কুলিয়ারচরে শ্রদ্ধা ও দোয়া

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতি সন্তান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ ইফতি আব্দুল্লাহর কবরে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং ছাত্রনেতারা।

কর্মসূচির শুরুতে শহীদ ইফতি আব্দুল্লাহর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা অটুট রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত জুলাই যোদ্ধা ও ছাত্রনেতারা বলেন, “শহীদ ইফতি আব্দুল্লাহসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনের যে স্বপ্ন তাঁরা বুকে ধারণ করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাঁদের আদর্শকে ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41