পদস্থগিত বিএনপি সভাপতি জাহাঙ্গীর হত্যা: অভিযানে তিনজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির পদস্থগিত সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহেদুল আলম জাহাঙ্গীর ও তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুজনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-
- মো. হেলাল (২৫), পিতা- মৃত সুলতান, গ্রাম: চালিতাবুনিয়া, থানা: বামনা, জেলা: বরগুনা।
- মো. মহিন উদ্দিন (৩২), পিতা- মো. নূর হোসেন, গ্রাম: দুধরাজপুর, পোস্ট: নাগমুদ বাজার, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
- মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), পিতা- রহমত উল্লাহ ওরফে খোকন, গ্রাম: মধ্যপাড়া, পোস্ট: নাগমুদ বাজার, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array