কটিয়াদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৩
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জের রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাঁদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া ও জারা মনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন বাসিন্দা ময়মনসিংহের নান্দাইলে এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে কটিয়াদীর আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর পাঁচজনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া ও জারা মনির মৃত্যু হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
দুর্ঘটনার পর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array