জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম রফিকের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য পদেও পুনর্বহাল করা হয়েছে।
রবিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম দলীয় প্যাডে স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. রফিকুল আলম রফিককে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
পুনর্বহাল হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল আলম বলেন, “আমাকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ।”




