কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
সকালে মরহুমের মরদেহ চরপুমদী হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আনা হলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।
পরে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাতীয় পতাকায় মরদেহ আচ্ছাদিত করা হয় এবং রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী অস্ত্রের সালাম প্রদান করা হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় ইমামের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে দাফনের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ বিদায় জানানো হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মো. সিরাজুল ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার জন্য তার সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এলাকায় একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
স্বাধীনতার পর সরকারি চাকরিতে যোগ দিয়ে দীর্ঘদিন হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের জন্য তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। ভূমি-সংক্রান্ত বিভিন্ন জটিল সমস্যা সমাধানে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়রা জানান।
হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন,
“মো. সিরাজুল ইসলাম ছিলেন একজন আদর্শ মুক্তিযোদ্ধা এবং জনবান্ধব সরকারি কর্মকর্তা। তার মৃত্যুতে হোসেনপুর একজন দেশপ্রেমিক, সৎ ও মানবিক মানুষকে হারাল। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন,
“একজন বীর মুক্তিযোদ্ধা ও সৎ সরকারি কর্মকর্তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মুক্তিযুদ্ধ ও কর্মজীবনে তার অবদান হোসেনপুরবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array