রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফেসবুকে সরকারবিরোধী পোস্টসহ নানা অভিযোগে অভিযুক্ত প্রশিক্ষক অন্তর

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ফেসবুকে সরকারবিরোধী পোস্টসহ নানা অভিযোগে অভিযুক্ত প্রশিক্ষক অন্তর

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের খণ্ডকালীন প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, সার্টিফিকেট বাণিজ্য, প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা, দায়িত্বহীনতা, কাঁচামাল সংক্রান্ত অনিয়ম, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ ও সিনিয়র কর্মকর্তাদের প্রতি অসৌজন্যমূলক আচরণসহ একাধিক অভিযোগ উঠেছে।

এ সম্পর্কিত অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বললেও তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করিমগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী পরিচয়ে উল্টো টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন বলে জানা গেছে।

প্রতিষ্ঠান সূত্র জানায়, গত ১৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরিদর্শনকালে অন্তর বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করেন। এছাড়া ২০২৪–২৫ অর্থবছরে ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষণার্থীদের জন্য কাঁচামাল ক্রয় ও সরবরাহসংক্রান্ত ব্যয়ে অফিসিয়াল ইমেইলে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের ও কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ফলাফলের নথিতে দেখা যায়, এপ্রিল–জুন ২০২৫ সেশনে অন্তরের ট্রেডে ২৯ জনের মধ্যে কম্পিটেন্ট হয়েছে মাত্র ৯ জন—যা প্রতিষ্ঠানের গড় মানের তুলনায় অনেক কম। টিটিসির একজন সিনিয়র প্রশিক্ষক মন্তব্য করেন, এমন কম্পিটেন্সি রেট শুধু প্রশিক্ষণার্থীদের নয়, প্রশিক্ষকের দক্ষতা ও মনোযোগকেও প্রশ্নবিদ্ধ করে।

শাহরিয়ার রশিদ অন্তর ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেরিত একটি ইমেইলে ইলেকট্রিক্যাল ট্রেডের ইনস্ট্রাক্টর ও ট্রেড ইনচার্জ মিজানুর রহমানকে যোগ্যতাহীন, মানহীন, অদক্ষ বলাসহ গালিগালাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এমন ভাষা ব্যবহার করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

সাম্প্রতিক প্রশিক্ষণ শেষ করা রবিউল আউয়াল বলেন, “আমি এখানে প্রশিক্ষণে আসলে অন্তর স্যার ১০ হাজার টাকা দাবি করে বলেন—কিছুই করতে হবে না, তিনি সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবেন। এছাড়া তাঁর ব্যক্তিগত একটি প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে জোর করেন। পরে আমি রাজি হইনি।”

কাটাবড়িয়া এলাকার হোটেল ব্যবসায়ী আ. রাশিদ বলেন, “অন্তর টিটিসিতে চাকরির সুবাদে পাসপোর্ট দালালি, সার্টিফিকেট বাণিজ্য, নিজের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের নিয়ে যাওয়ার মতো কাজ করছে। এতে টিটিসির মতো সরকারি প্রতিষ্ঠানের বড় ক্ষতি হচ্ছে।”

অন্য এক স্থানীয় জানান, “অন্তর এনসিপির নেতা। অধ্যক্ষ, পরিচালক তার কাছে কিছুই না। সে প্রকাশ্যে বর্তমান সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। প্রিন্সিপালকে নিয়েও বাইরে সমালোচনা করে। বলে—প্রিন্সিপালকে না সরালে তার শান্তি নেই।”

মহিনন্দন ইউনিয়নের সৌদি–ফেরত প্রবাসী মো. কামরুজ্জামান সজিব মিয়া বলেন, “আমি টিটিসিতে ট্রেনিং করতে গেলে অন্তরের সঙ্গে পরিচয় হয়। সে আমাকে ভালো ভিসা বলে অফার করে এবং ভিসা বাবদ ৭ লাখ টাকা চায়। টিটিসির চাকরি করার কারণে তাকে বিশ্বাস করে টাকা দিলেও তার কথা–কাজের কোনো মিল পাইনি। তিন মাস পর দেশে ফিরে আসতে হয়েছে। এখন ১০ লাখ টাকা ঋণ মাথায় নিয়ে ঘুরছি।”

অন্তরের এলাকার বাসিন্দা রেজাউল কবির রেজা বলেন, “অন্তরের বাবা করিমগঞ্জের পরিচিত কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন এবং যুদ্ধপরাধ মামলার সাক্ষী ছিলেন। হতে পারে, অন্তরও তার বাবার মতো প্রতিবাদী হওয়ার চেষ্টা করছে। না হলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আবার সরকারের সমালোচনা—এটা কেমন বিষয়!”

অভিযোগের বিষয়ে শাহরিয়ার রশিদ অন্তর বলেন, “আমি কোনো সরকারি চাকরি করি না যে, সরকারি চাকরি বিধির পরিপন্থী কোনো কাজ করেছি। আমি যে আইডি দিয়ে সমালোচনা করেছি—সেটা আমার রাইটস আছে। বর্তমানে সেই ফেসবুক আইডি ডিজেবল করা আছে। সার্টিফিকেট বাণিজ্যের কথা সঠিক নয়। কাউকে বিদেশ পাঠিয়েছি—তার প্রমাণ থাকলে নিউজ করুন।”

এ বিষয়ে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মো. জাভেদ রহিম বলেন, “তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা মিললে তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি ঠিকভাবে জবাব দিতে পারেননি। পরে আমি বিএমইটির পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছি। প্রতিষ্ঠানের স্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

দাম বাড়লোঃ অকটেন ১৪০; পেট্রোল ১৩৫; ডিজেল ১১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
দাম বাড়লোঃ অকটেন ১৪০; পেট্রোল ১৩৫; ডিজেল ১১৫ টাকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দরের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি হয়েছে।

নতুন সমন্বয়ে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, যা লিটারে ১৮ টাকা বেশি। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, এতে ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়ে নতুন করে চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
করিমগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বড় হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম হলুদ মিয়া (৩৭)। তিনি উপজেলার জয়কা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে হলুদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব-এ ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটী এলাকার বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ মিয়া ওরফে ‘ক্যাপ্টেন আসিফ’ (২৪), আরকান (১৯), মো. আমিন মিয়া (২০), জালাল মিয়া (২৪) ও বাদশা মিয়া (২৭)। তাদের মধ্যে আসিফ মিয়ার নামে হত্যা মামলাসহ মোট ২২টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটী পুকুরপাড় এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দা, ছুরিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, “ভৈরব এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ একজন শীর্ষ ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ২২টি মামলা ও ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হয়ে কিছু অপরাধী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসব নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।