ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতর মিয়া নরসিংদীর রায়পুরা থানার সাপমারা এলাকার বকশিবাড়ির সামাদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।
স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপমারা এলাকা থেকে ভৈরবে তার ছেলে মোহাম্মদ ইউসুফের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন আতর মিয়া। তিনি রায়পুরার দৌলতকান্দি রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টার দিকে কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে উঠে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে ট্রেন থেকে নেমে নিউটাউন এলাকার ছেলের বাসায় যাওয়ার জন্য রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ভৈরব থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় রেলওয়ে থানা পুলিশ তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুল্যান্সে তোলার সময় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের ছেলে ইউসুফ মিয়া বলেন, “আমার বাবার স্বপ্ন ছিল ওমরা হজ করার। সেই উদ্দেশ্যে টাকা নিয়ে তিনি আমার বাসায় আসছিলেন। ট্রেন থেকে নেমে রেললাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেওয়ার পর ঢাকায় রওনা দেওয়ার মুহূর্তে বাবা মারা যান। আমাদের সংসারে পাঁচ ভাই ও দুই বোন। বাবার সঙ্গে থাকা টাকাগুলোও কে বা কারা নিয়ে গেছে।”
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এসআই জহুরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




