বগুড়ায় বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মো. রাফিউল করিম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল করিম শেরপুর শহরের শ্রী-রামপুরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাথী পর্যায়ের নেতা ছিলেন বলে সংগঠনটির স্থানীয় নেতারা জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিলে অংশ নেন রাফিউল করিম। কর্মসূচি শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় মহিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল করিম শিবিরের একজন সাথী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং ঘাতক বাসটি শনাক্ত করে চালক ও হেলপারকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
নিহত রাফিউল করিম শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাটি হাইওয়ে পুলিশ দেখভাল করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array