সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন
সুদানে সশস্ত্র বাহিনীর ড্রোন হামলায় নিহত বাংলাদেশের ছয় বীর সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ সেনাসদস্যদের মরদেহ নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলিকপটারের মাধ্যমে মরদেহ পাঠানোর পর যথাযথ সামরিক মর্যাদায় বীর সন্তানদের নিজ নিজ এলাকায় দাফন করা হবে।
এর আগে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে শহীদ সেনাদের মরদেহবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।
এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের সময় সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও নয়জন আহত হন।







