সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই— দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ অ্যা প্ল্যান। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা প্রয়োজন।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আগামীতে ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে আমরা দেশ পরিচালনা করব। আমরা যে ধর্মেরই হই বা যে রাজনৈতিক দলের অনুসারীই হই না কেন— দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেন মানুষ নিরাপদে থাকতে পারে। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহ উদ্দিন টুকুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ মঞ্চে উঠে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য মহান আল্লাহর রহমত প্রয়োজন। তাঁর রহমতেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘বিভিন্ন আধিপত্যবাদী শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। হাদি ছিল গণতান্ত্রিক অগ্রযাত্রার একজন সৈনিক। তাই আমাদের সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে সুন্দরভাবে দেশ গড়া যায়।’

তারেক রহমান বলেন, ‘এই দেশে পাহাড় ও সমতলের মানুষ রয়েছে। আমরা সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই— যেখানে নারী ও শিশুরা নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরতে পারবে।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত দেড় যুগে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। অথচ শেখ হাসিনা বলেছিলেন, তিনি মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন।’

তিনি তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তারেক রহমানকে বরণ করে নিতে ৩০০ ফিট এলাকার আশপাশে কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। নেতাকে এক নজর দেখার আশায় অনেক নেতাকর্মী দুদিন আগেই অনুষ্ঠানস্থলের আশপাশে অবস্থান নেন। পূর্বাচল, নীলা মার্কেট, নামাপাড়া, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত মোড়সহ আশপাশের অলিগলিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কোথাও তিল পরিমাণ জায়গা ছিল না।

এ ছাড়া আশপাশের ভবনের ছাদ, যানবাহনের ওপর এবং ওভারব্রিজেও অবস্থান নেন অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন। তার গাড়িবহরে বিএনপির শীর্ষ নেতারাও ছিলেন।

পথে পথে জনসমুদ্র পেরিয়ে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে পৌঁছাতে তারেক রহমানের তিন ঘণ্টারও বেশি সময় লাগে। বিকেল সাড়ে ৩টার পর তিনি মঞ্চে ওঠেন।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার বিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

লোকালয়ে শেয়ালের বিচরণে আতঙ্ক, কুলিয়ারচরে একদিনে ১২ জন হাসপাতালে

আজিজুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
লোকালয়ে শেয়ালের বিচরণে আতঙ্ক, কুলিয়ারচরে একদিনে ১২ জন হাসপাতালে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় লোকালয়ে শেয়ালের উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়েছে। রোববার (২৬ জুলাই) শেয়ালের কামড়ে ৯ জন এবং বিড়ালের কামড়ে আরও ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে একদিনে প্রাণীর কামড়ে আহত ১২ জন চিকিৎসা নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শেয়ালের কামড়ে আহতরা হলেন—সালুয়া ইউনিয়নের বাজরা মাছিমপুর গ্রামের নারগিস আক্তার (৩৯), মেহেরা বানু (৭০) ও পেয়ারা বানু (৬৫); ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের ফারুক (৫০), আবির (৯), মোশাররফ (৩৫), দিপালী রানী (২৯), মুসানা (৩২) ও সিয়াম (২২)।

এ ছাড়া বিড়ালের কামড়ে আহত হয়েছেন ভাটি জগৎচর গ্রামের মুক্তা (২০), ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের ফারহান (৩) এবং মানিকদী গ্রামের সাকিবুল (১২)।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে লোকালয়ে শেয়ালের বিচরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দিনের বেলাতেও শেয়ালকে বসতিপূর্ণ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এতে শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শেয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, ‘রোববার শেয়ালের কামড়ে সাতজন এবং এর আগের দুই দিনে আরও পাঁচজন চিকিৎসা নিয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয় এবং কাউকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে হয়নি।’

তিনি বলেন, ‘শেয়াল, বিড়াল বা অন্য যেকোনো প্রাণীর কামড়কে গুরুত্বের সঙ্গে নিতে হবে। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করা জরুরি।’

তিনি আরও বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য কিন্তু চিকিৎসা ছাড়া প্রাণঘাতী রোগ। তাই প্রাণীর কামড়ের ঘটনা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিরোধী টিকা মজুত রয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি লোকালয়ে শেয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে লোকালয়ে বন্য প্রাণীর বিচরণ বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মৎস্য দিবসের কেন্দ্রীয় আয়োজনের প্রস্তুতি দেখতে কটিয়াদীতে দুই প্রতিমন্ত্রী

মাইনুল হক মেনু প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
মৎস্য দিবসের কেন্দ্রীয় আয়োজনের প্রস্তুতি দেখতে কটিয়াদীতে দুই প্রতিমন্ত্রী

আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কটিয়াদী সফরকে সামনে রেখে সম্ভাব্য কেন্দ্রীয় অনুষ্ঠানস্থল, উন্মুক্ত জলাশয় ও সংশ্লিষ্ট অবকাঠামো পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালা উদ্দিন টুকু এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। রোববার (২৬ জুলাই) এ পরিদর্শনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীজুড়ে প্রস্তুতিমূলক কার্যক্রম আরও জোরদার হয়েছে।

বিকেলে প্রতিমন্ত্রীদ্বয় প্রথমে উপজেলার জালালপুর ও লোহাজারী ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত জিয়ার কাটা খালের খননকাজ পরিদর্শন করেন। পরে তারা চারিপাড়া সরকারি মৎস্য হ্যাচারি ঘুরে দেখেন এবং মৎস্যসম্পদ উন্নয়ন, অবকাঠামোগত প্রস্তুতি ও কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর সম্ভাব্য কেন্দ্রীয় অনুষ্ঠানস্থল হিসেবে কটিয়াদী সরকারি কলেজ মাঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আচমিতা জর্জ ইনস্টিটিউটের খেলার মাঠ পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম ধারণক্ষমতা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং সার্বিক আয়োজনের উপযোগিতা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির স্থান হিসেবে উপজেলার মসুয়া ইউনিয়নের বেতাল দিঘিও পরিদর্শন করেন তারা।

পরিদর্শনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশফাক আহমেদ জুন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মো. রুহুল আমিন আকিল, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ খালেদ কনক, পরিচালক (প্রশাসন) এস. এম. রেজাউল করিম, ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসারসহ জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় সাংবাদিকদের বলেন, সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও উন্মুক্ত জলাশয় পরিদর্শন করা হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনা শেষে ঢাকায় গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দিবসটির উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার পাঁচ হাজার শ্রেষ্ঠ মৎস্যচাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সমন্বিতভাবে প্রস্তুতি শুরু করেছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41