রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই— দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ অ্যা প্ল্যান। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা প্রয়োজন।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আগামীতে ক্ষমতায় এলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে আমরা দেশ পরিচালনা করব। আমরা যে ধর্মেরই হই বা যে রাজনৈতিক দলের অনুসারীই হই না কেন— দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেন মানুষ নিরাপদে থাকতে পারে। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহ উদ্দিন টুকুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ মঞ্চে উঠে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য মহান আল্লাহর রহমত প্রয়োজন। তাঁর রহমতেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘বিভিন্ন আধিপত্যবাদী শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। হাদি ছিল গণতান্ত্রিক অগ্রযাত্রার একজন সৈনিক। তাই আমাদের সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে সুন্দরভাবে দেশ গড়া যায়।’

তারেক রহমান বলেন, ‘এই দেশে পাহাড় ও সমতলের মানুষ রয়েছে। আমরা সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই— যেখানে নারী ও শিশুরা নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ফিরতে পারবে।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত দেড় যুগে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। অথচ শেখ হাসিনা বলেছিলেন, তিনি মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন।’

তিনি তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

তারেক রহমানকে বরণ করে নিতে ৩০০ ফিট এলাকার আশপাশে কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে। নেতাকে এক নজর দেখার আশায় অনেক নেতাকর্মী দুদিন আগেই অনুষ্ঠানস্থলের আশপাশে অবস্থান নেন। পূর্বাচল, নীলা মার্কেট, নামাপাড়া, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেত মোড়সহ আশপাশের অলিগলিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। কোথাও তিল পরিমাণ জায়গা ছিল না।

এ ছাড়া আশপাশের ভবনের ছাদ, যানবাহনের ওপর এবং ওভারব্রিজেও অবস্থান নেন অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন। তার গাড়িবহরে বিএনপির শীর্ষ নেতারাও ছিলেন।

পথে পথে জনসমুদ্র পেরিয়ে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে পৌঁছাতে তারেক রহমানের তিন ঘণ্টারও বেশি সময় লাগে। বিকেল সাড়ে ৩টার পর তিনি মঞ্চে ওঠেন।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার বিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, মিঠামইনে ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, মিঠামইনে ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সারসহ দুই চালককে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি টলি গাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুই চালক, সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কাটখাল ইউনিয়ন এলাকায় টলিতে করে অবৈধভাবে সার স্থানান্তরের সময় চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামের আরও একজনসহ মোট চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি বলেন, “কৃষকদের জন্য সরকার নির্ধারিত ও বরাদ্দকৃত সার কালোবাজারি বা পাচারের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”

বর্তমানে উদ্ধার করা ১১১ বস্তা ইউরিয়া সার এবং জব্দ করা দুটি টলি মিঠামইন থানা হেফাজতে রয়েছে।

বাংলাদেশসহ ২০ দেশকে বিশেষায়িত ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
বাংলাদেশসহ ২০ দেশকে বিশেষায়িত ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বিশেষায়িত ওষুধ আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চলের নির্দিষ্ট শ্রেণির বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট কাঁচামাল আমদানিতে ১০০ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে অধিকাংশ প্রতিষ্ঠানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নতুন ফার্মাসিউটিক্যাল শুল্ক কার্যকর হওয়ার দিনেই এ সুবিধা কার্যকর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ছাড়ের আওতায় রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, প্লাজমা-ভিত্তিক চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ। এসব ওষুধের সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট উপকরণও শুল্কমুক্ত সুবিধার আওতায় পড়বে।

এর আগে ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ঘোষণায় নির্দিষ্ট পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ হারে অতিরিক্ত শুল্ক আরোপের ব্যবস্থা করা হয়। যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়ানো এবং উৎপাদন কার্যক্রম দেশটির অভ্যন্তরে স্থানান্তরে উৎসাহ দেওয়াই ওই নীতির অন্যতম উদ্দেশ্য ছিল।

তবে নতুন নিয়মে সব ধরনের ওষুধ এই শুল্কের আওতায় পড়ছে না। জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপকরণ বর্তমানে সেকশন ২৩২ শুল্কের আওতামুক্ত। নির্দিষ্ট পেটেন্টকৃত ওষুধের ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক প্রযোজ্য হলেও তালিকাভুক্ত দেশগুলোর যোগ্য বিশেষায়িত ওষুধে শূন্য শুল্কহার প্রযোজ্য হবে।

শুল্ক সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশ বা অঞ্চলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বা ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত চুক্তির ভিত্তিতে শূন্য শুল্কহার প্রযোজ্য করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণ করে—এমন কিছু বিশেষায়িত ওষুধের জন্য আলাদাভাবে শুল্ক ছাড়ের আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

ফলে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষায়িত ওষুধের বাজারে নির্দিষ্ট পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে এই সুবিধা সব ধরনের বাংলাদেশি ওষুধের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়। পণ্যকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত বিশেষায়িত ওষুধের শ্রেণি ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

পাকুন্দিয়ায় দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় দুই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুটি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর দুটির উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

বিদ্যালয় দুটি হলো—পৌর সদরের লক্ষীয়া উচ্চ বিদ্যালয় এবং এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া উচ্চ বিদ্যালয়।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামছুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. তরীকুল হাসান শাহীন, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন মিলন এবং বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য অতিথি।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় দুটির ‘সততা সংঘ’-এর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।