ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাত: একজন নিহত, দুজন আটক
নিহত নজরুল ইসলাম
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্বৃত্তরা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থী এমরান সাহেল প্রিন্সের সমর্থকরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







