ইতিহাস গড়ল বাংলাদেশ: প্রথমবার সাফ নারী ফুটসালের শিরোপা জয়
প্রথমবারের মতো সাফ নারী ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা আক্তারের দল।
প্রথমবার আয়োজন করা এই টুর্নামেন্টে শিরোপা নিশ্চিত করতে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল অন্তত একটি ড্র। তবে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশকে কোনোভাবেই আটকে রাখা যায়নি। পুরো ম্যাচজুড়ে একের পর এক গোল করে প্রতিপক্ষকে একপ্রকার অসহায় করে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এক ম্যাচে ১৪ গোল করে এবারের আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু এই ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টজুড়েই সাবিনা আক্তারদের দল প্রতিপক্ষকে কার্যত গোলবন্যায় ভাসিয়েছে।
৬ ম্যাচে বাংলাদেশ করেছে মোট ৩৮ গোল। পুরো আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকেই শিরোপা জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।










