কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার বিরোধে ছেলের হাতে পিতা খুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকার জন্য ছেলের হাতে পিতা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার তাড়াইল–সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত রমজান আলী (৪৫), পিতা—মৃত জব্বার। পুলিশ জানায়, নিহতের বড় ছেলে জুয়েল মিয়া (২৫) ধারালো দা দিয়ে তার পিতার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে জুয়েল মিয়াকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ব্যবহৃত ধারালো দাটি উদ্ধার করা হয়।
রক্তাক্ত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত জুয়েল মিয়া মাদকাসক্ত। নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পিতা–পুত্রের মধ্যে বিরোধের একপর্যায়ে সে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত রমজান আলীর পরিবারে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী, তিন ছেলে ও একটি মেয়ে।
স্বজনরা জানান, মাদকাসক্ত জুয়েল মিয়া ছোটবেলা থেকেই তার নিজ মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে বসবাস করত। তবে মাঝে মাঝে সে বাবার বাড়িতে বেড়াতে আসত। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের একপর্যায়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




