তাড়াইল সদর বাজারে ফলের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে খেজুরসহ ফলের দোকানে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে তাড়াইল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ফলের দোকান মালিক মাইজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকারনামা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য পর্যবেক্ষণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দোকানদারদের খেজুরসহ বিভিন্ন মৌসুমি ফলের মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্যের ওপর নাম ও মূল্য ট্যাগ সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।




