বাঁধ নির্মাণে অবহেলায় ফসল তলিয়ে গেলে কঠোর ব্যবস্থা: ফজলুর রহমান
ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের কারণে কৃষকের জমি তলিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
তিনি বলেন, বাঁধ নির্মাণকাজে অবহেলার কারণে যদি একটি জমিও তলিয়ে যায়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। কৃষকের কষ্টার্জিত ফসল রক্ষায় যা যা করণীয়, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন ও তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
এ সময় অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবিকা মূলত বোরো ফসলের ওপর নির্ভরশীল। তাই বাঁধ নির্মাণে নিম্নমানের কাজ বা কোনো ধরনের গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণকাজ শেষ করতে হবে এবং কাজের মান বজায় রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে। কোথাও কোনো অনিয়মের প্রমাণ মিললে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা।
সভায় আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েলসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।




