তুচ্ছ টাকার বিরোধে বাজিতপুরে প্রাণ গেল অটোরিক্সা চালকের
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাত্র ৫–১০ টাকার পারিশ্রমিককে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় বিপ্লব (২৮) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কৈলাগ ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে বিপ্লব নিজ উদ্যোগে একটি চলাচলের অযোগ্য রাস্তা মাটি ও বালু ফেলে মেরামত করেন। পরে তিনি ওই রাস্তা ব্যবহারকারী অটোরিক্সা চালকদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা করে পারিশ্রমিক দাবি করছিলেন।
এ নিয়ে একই এলাকার এক চালকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে এবং পারিবারিক অভিযোগ অনুযায়ী, এর জেরে প্রতিপক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
গত রোববার (১৯ এপ্রিল) দুপুরে কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের কয়েকজন যুবক বিপ্লবকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের দাবি, বিকেলের দিকে তিনি অটোরিক্সা নিয়ে বের হলে নিখোঁজ হন। পরে সন্ধ্যায় বাংলাবাজার এলাকার একটি গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাকে একা পেয়ে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
নিহত বিপ্লব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী, দুই শিশু সন্তানসহ পরিবারটি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। চার বছর বয়সী কন্যা ও দুধের শিশুসহ পরিবারটি এখন অনিশ্চয়তায় রয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল্লাহ বলেন, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।”
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের মতে, সামান্য টাকার বিরোধে এমন হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array