পাকুন্দিয়ায় মাদক সেবন ও কারবারের অভিযোগে যুবকের কারাদণ্ড
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও কারবারের অভিযোগে মো. মাহবুব হাসান বিপুল (৩০) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় স্থানীয় জনতা বিপুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। দণ্ডপ্রাপ্ত বিপুল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, বিপুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার রাতে মঠখোলা নামা বাজার এলাকায় তিনি মাদক বিক্রি করছেন—এমন তথ্য পেয়ে স্থানীয়রা চার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এসআই সঞ্জয় কুমার আরও বলেন, রোববার সকালে বিপুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array