‘আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না’: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তাঁর এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে না। তিনি বলেন, ‘আমি একটা উদাহরণ তৈরি করতে চাই।’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘আমি উপস্থিত থাকব, দেখবেন কোনো পূজামণ্ডপে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আমার দলীয় নেতাকর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক দল তৈরি করে দেব।’
সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করা, হাওরের স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব তুলে ধরা হয়।
এ ছাড়া হাওরাঞ্চলে পর্যাপ্ত টিউবওয়েল স্থাপনসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন কর্মকর্তারা।
হাওরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়ে এমপি ফজলুর রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি উপজেলার সরকারি কর্মকর্তাদের কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array