ভৈরবে ট্রান্সফর্মার চুরির সময় জনতার হাতে ধরা ৩ জন
কিশোরগঞ্জের ভৈরবে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির সময় জনতার হাতে ধরা পড়া তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফর্মারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকার সরকার বাড়ি সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরির সময় স্থানীয়রা এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একই চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-শিবপুর ইউনিয়নের সরকার বাড়ি এলাকার নীল মিয়ার ছেলে মেরাজ মিয়া (৩৫), পৌর শহরের কালীপুর দক্ষিণ পাড়া এলাকার এলেম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩০) এবং ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত নুরু মিয়ার ছেলে অলিউল্লাহ বাবু (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শিমুলকান্দি ইউনিয়নের আবাসিক প্রকৌশলী মোখলেছুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।










