শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২
শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৪ ১৪৩২

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আবাসিক দুটি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মামুন, নিশাত, নওশাতসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাকিবসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী, সমর্থক এবং আবাসিক হলের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

লিখিত আবেদনের পরও করিমগঞ্জে ধনু নদী থেকে বালু উত্তোলন অব্যাহত, দ্রুত পদক্ষেপের দাবি

করিমগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
লিখিত আবেদনের পরও করিমগঞ্জে ধনু নদী থেকে বালু উত্তোলন অব্যাহত, দ্রুত পদক্ষেপের দাবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন চলায় নদীপাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুতারপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ধনু নদী থেকে সম্প্রতি আবারও ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয়েছে। এতে নদীর তীর ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীপাড়ের ফসলি জমিসহ বিভিন্ন সম্পদ ভাঙনের ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে গত ১ মার্চ(বুধবার) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে অভিযোগ রয়েছে, আবেদন করার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং নদী থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।

এদিকে শুক্রবার স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই নদী থেকে বালু উত্তোলনের কারণে সম্ভাব্য ভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন সুদৃষ্টি দেবেন এবং নদী ও নদীপাড়ের মানুষের জানমাল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতাউল হাসান দিনার প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কিশোরগঞ্জ শহরের উজানভাটি চাইনিজ পার্টি সেন্টারের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শহর শাখার আমির আ. ম. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও হয়বতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, পেশাজীবী বিভাগের আমির ব্যাংকার আমিনুল হক, ব্যাংকার ও গবেষক মাওলানা মোসলেহ উদ্দিন, অফিস সেক্রেটারি মাওলানা এ কে এম সানা উল্লাহ এবং মাওলানা আক্তার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি মাহবুবুল আলম ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি আ. ন. নয়িম।

ইফতার মাহফিলে শহরের আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়ায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাত আনুমানিক ৩টার দিকে রমিজ উদ্দিন একটি গরু নিয়ে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীর দিয়ে যাচ্ছিলেন। এ সময় নদের তীর রক্ষা বাঁধে ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, চোর সন্দেহে আটকের পর উত্তেজিত জনতার পিটুনিতে ওই ব্যক্তি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। চুরির অভিযোগে থাকা গরুটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তবে এখন পর্যন্ত গরুটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।