বাজিতপুরে টিসিবির নিম্নমানের চাল সরবরাহ: ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়ন পরিষদে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) নিম্নমানের চাল সরবরাহের অভিযোগে এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে গাজীরচর ইউনিয়ন পরিষদে টিসিবির চাল বিতরণ কার্যক্রম চলাকালে ভোক্তাদের জন্য আনা চালের মান খারাপ ও নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে প্রশাসনের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্ট ডিলার রবিন আল মাসুদ (পিতা: মৃত গোলাম রব্বানী)–কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিলার রবিন আল মাসুদ জানান, তার কাছে আগে থেকেই চার বস্তা নিম্নমানের চাল ছিল এবং সেটি ভোক্তাদের মধ্যে সরবরাহের বিষয়টি তিনি স্বীকার করেন।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সোহাগ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, কোথাও সরকারি চাল নিম্নমানের অবস্থায় বিতরণ করা হলে বা এ ধরনের অনিয়ম দেখা দিলে জনগণকে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।
নিম্নমানের চাল বিতরণের অপরাধে ডিলার রবিন আল মাসুদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা নিম্নমানের খাদ্যপণ্য সরবরাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।







