বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৯ ১৪৩২

‘Get out Chuppu’: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
‘Get out Chuppu’: হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন চলাকালে তীব্র বাকবিতণ্ডা ও প্রতিবাদের একপর্যায়ে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ থেকে বের হওয়ার পর বিকেল প্রায় ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লেখেন—‘Get out Chuppu’।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেও পরিচিত।

তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

‘দৈনিক কিশোরগঞ্জ’ অনলাইনে ভিডিও প্রকাশ

হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজার হাজীঘাট এলাকায় নরসুন্দা নদীর তীরে সরকারি খাস জমি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেখানে আগে একটি ঘাট এবং পানি নিষ্কাশনের একটি কালভার্ট ছিল। অভিযোগ রয়েছে, কালভার্টটি ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা করছেন শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্বপন।

এ বিষয়ে ‘দৈনিক কিশোরগঞ্জ অনলাইন’-এ ‘কেউ কি দেখে না, নাকি দেখেও নীরব?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খাস জমিতে স্থাপনা নির্মাণ এবং নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি সংক্রান্ত বিষয়টি তার নজরে রয়েছে। এ বিষয়ে কাগজপত্র যাচাই ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং একই দিন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরে দুপুর ১২টার আগেই সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থাপনা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে তাদের কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের নির্মাণকাজ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান স্বপনের সঙ্গে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
বাজিতপুরে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাহাগীর আলম মান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, বাজিতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফজল হোসেন, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাজিতপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাওলানা শফিকুল ইসলাম।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
হোসেনপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হোসেনপুর পৌরসভার প্রশাসক মোহসী মাসনাদ।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পুমদী ইউনিয়নের পাইকুডা বিল এলাকায় অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি প্রকাশ পেয়েছে।