রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ ১৪৩২

ভৈরবে নো-পার্কিং জোনে অভিযান, থ্রি-হুইলার ও মোটরসাইকেল আটক করে জরিমানা

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে নো-পার্কিং জোনে অভিযান, থ্রি-হুইলার ও মোটরসাইকেল আটক করে জরিমানা

ভৈরব, ১৪ মার্চ (প্রতিনিধি): কিশোরগঞ্জের ভৈরব-এ ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা–সিলেট মহাসড়ক ও ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্জয় মোড়ের দুই শত গজের মধ্যে কোনো যানবাহন কিংবা থ্রি-হুইলার দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে জরিমানার আওতায় আনা হচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার রেজাউল করিম-এর নেতৃত্বে সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

দুর্জয় মোড় দীর্ঘদিন ধরে ঢাকা–সিলেট মহাসড়কের একটি ভোগান্তির জায়গা হিসেবে পরিচিত। মোড়টির আশপাশে বিভিন্ন বাস কাউন্টার এবং যত্রতত্র গাড়ি পার্কিং ও থ্রি-হুইলারের বেপরোয়া চলাচলের কারণে এখানে প্রায়ই যানজট সৃষ্টি হয়।

ঈদযাত্রাকে যানজটমুক্ত রাখতে ভৈরব প্রশাসন ও হাইওয়ে পুলিশ ভৈরব–ঢাকা, ভৈরব–সিলেট এবং কিশোরগঞ্জ সড়কের নির্দিষ্ট অংশে প্রায় দুই শত ফুট এলাকাকে নো-পার্কিং জোন হিসেবে চিহ্নিত করেছে।

ঈদ সামনে রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল আটক করে থানায় নেওয়া হয়। পরে চালকেরা ভবিষ্যতে সড়কে যানজট সৃষ্টি করবেন না—এ মর্মে মৌখিক মুচলেকা দিলে প্রতিটি যানবাহনের কাছ থেকে ৩০০ টাকা করে জরিমানা আদায় করে সেগুলো ছেড়ে দেয় পুলিশ।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নো-পার্কিং জোনের মধ্যে বাস, মিনিবাস, রিকশা, অটোরিকশা, সিএনজি বা মোটরসাইকেল দাঁড় করালেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ে থ্রি-হুইলার, সিএনজি এবং বড় যানবাহন যত্রতত্র দাঁড়ানোর কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। তাই এখানে নো-পার্কিং জোন ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নো-পার্কিং জোনের দুই শত ফুটের মধ্যে কোনো যানবাহন দাঁড়িয়ে যাত্রী বা মালামাল ওঠানামা করালে কিংবা অপ্রয়োজনে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করলে তাদের আইনের আওতায় এনে জেল-জরিমানা করা হবে। ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সারাদেশে নৈতিক শিক্ষার উন্নয়ন এবং মূল্যবোধ জাগ্রত করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার সকালে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুধু ইসলাম শিক্ষা নয়, অন্যান্য ধর্মের শিক্ষকদেরও এ নিয়োগের আওতায় রাখা হবে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর করা এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এসব বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বদ্ধপরিকর। প্রয়োজন অনুযায়ী নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে। পাশাপাশি আগের আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এদিন বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রোববার (তারিখ) বেলা ১১টা ২০ মিনিটে তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী।